মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রবিবাসরীয় সন্ধ্যায় আইপিএল-এর হাইভোল্টেজ ম্যাচ দেখতে সপরিবারে হাজির হয়েছিলেন 'বলিউড ডিভা' করিনা কাপুর খান। সঙ্গে ছিলেন স্বামী সইফ আলি খান, দুই ছেলে তৈমুর ও জেহ এবং সইফ-পুত্র ইব্রাহিম আলি খান। কিন্তু মাঠের উত্তেজনার চেয়েও গ্যালারির বাইরের এক ভিডিও ঘিরে এখন উত্তাল সোশ্যাল মিডিয়া। যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, ভিড়ের চাপে মেজাজ হারিয়ে বেশ বিরক্ত হয়েছেন 'বেবো'।

এদিন মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচকে কেন্দ্র করে স্টেডিয়ামে ছিল ক্রিকেট প্রেমীদের উপচে পড়া ভিড়। মুম্বই ইন্ডিয়ান্সের নীল জার্সি গায়ে করিনা ও তাঁর পরিবার গ্যালারিতে বসে উল্লাস করছিলেন। তবে লিফটের সামনে তৈরি হয় চরম বিশৃঙ্খলা। ভিডিওতে দেখা যাচ্ছে, জেহ ও তৈমুরকে নিয়ে লিফটের জন্য অপেক্ষা করছিলেন করিনা ও সইফ। ঠিক সেই সময় একদল অনুরাগী ও পাপারাজ্জিরা তাঁদের ঘিরে ধরেন।

নিরাপত্তা রক্ষীরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও ভিড় ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আচমকা এই বিশৃঙ্খলায় করিনা বিরক্ত হয়ে ওঠেন। তাঁকে তাঁর টিমের একজনের সঙ্গে কড়া মেজাজে কথা বলতেও দেখা যায়। এক সময় আরও বিরক্ত হয়ে স্বামী সইফের উদ্দেশে তাঁকে বলতে শোনা যায়, "কী হচ্ছে এসব?" যদিও সইফ পুরো সময়টাই শান্ত থেকে সন্তানদের আগলে রাখার চেষ্টা করছিলেন।

শেষ পর্যন্ত খানিকটা ধস্তাধস্তির পর তাঁরা লিফটে উঠতে সক্ষম হন। তবে অনুরাগীদের এই অনাকাঙ্ক্ষিত আচরণে করিনা যে বেশ অস্বস্তিতে পড়েছিলেন, তা তাঁর মুখভঙ্গি থেকেই স্পষ্ট। এর কিছুক্ষণ পরে অবশ্য গ্যালারিতে করিনাকে বেশ ফুরফুরে মেজাজেই দেখা যায়।

প্রসঙ্গত, সম্প্রতি করিনা মেঘনা গুলজারের ‘দায়রা’ ছবির শুটিং শেষ করেছেন। এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন দক্ষিণী তারকা পৃথ্বীরাজ সুকুমারন। চলতি বছরের শেষের দিকে মুক্তির অপেক্ষায় আছে এই ছবিটি।