টেলিভিশন ইন্ডাস্ট্রির পরিচিত মুখ করণ ওয়াহি গত কয়েকদিন ধরে চর্চায় রয়েছেন তাঁর আধ্যাত্মিক যাত্রাকে কেন্দ্র করে। তবে তাঁর ব্যক্তিগত জীবনের এই নতুন মোড় নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে গুজব ছড়িয়েছিল, তাতে রীতিমতো ক্ষুব্ধ অভিনেতা। অভিনয় ছেড়ে দেওয়ার জল্পনা নিয়ে এবার সরাসরি মুখ খুললেন করণ।

 

 

‘রিমিক্স’,‘দিল মিল গয়ে’ থেকে শুরু করে ‘নেভার কিস ইয়োর বেস্টফ্রেন্ড’-এর মতো বহু হিট শো-এর মাধ্যমে দর্শকদের মনের কোণে জায়গা করে নিয়েছেন করণ ওয়াহি। সম্প্রতি ‘আবরা কা ডাবরা’ শো-তে নিজের আধ্যাত্মিক যাত্রা নিয়ে কথা বলতে গিয়েই বিপত্তি। ভক্তদের মধ্যে প্রশ্ন ওঠে, তবে কি এবার অভিনয় জগতকে বিদায় জানাচ্ছেন করণ? অবশেষে সমস্ত জল্পনায় জল ঢেলে দিলেন অভিনেতা নিজেই।

 

অভিনেতা জানান, দিল্লি যাওয়ার পর চার-পাঁচ মাস আগে কেউ একজন তাঁকে পরামর্শ দিয়েছিলেন যে, তাঁর মেজাজ খুব খিটখিটে। তাঁকে শান্ত থাকার জন্য তুলসীর মালা পরার পরামর্শ দেওয়া হয়েছিল। সেই সূত্র ধরেই তিনি বৃন্দাবন থেকে তুলসীর মালা আনান। এরপরেই করণ নিম কারোলি বাবার অনুরাগী হয়ে ওঠেন এবং প্রেমানন্দ মহারাজজির সান্নিধ্যে আসেন। তিনি নাম জপ করা শুরু করেন। করণ জানান, “যখনই সময় পাই বা মনে নেতিবাচক চিন্তা আসে, তখন নাম জপ করি। এতে স্ট্রেস এবং উদ্বেগ অনেকটাই কমে যায়।”

 

করণের এই আধ্যাত্মিক পরিবর্তনের কথা প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় রটে যায় যে, তিনি অভিনয় ছেড়ে সন্ন্যাস নিতে চলেছেন। একটি পোস্টের স্ক্রিনশট শেয়ার করে করণ ইনস্টাগ্রাম স্টোরিতে কড়া জবাব দেন। তিনি লেখেন, “আধ্যাত্মিক হওয়া মানেই যে আমাকে কাজ ছাড়তে হবে, তা নয়। দয়া করে ভাইরাল হওয়ার জন্য গুজব ছড়াবেন না। সংশ্লিষ্ট ব্যক্তিকে অনুরোধ করছি পোস্টটি সরিয়ে দিন এবং মিথ্যা ছড়াবেন না। ধন্যবাদ।”

 

২০২৪ সালে ‘রায়সিংঘানি বনাম রায়সিংঘানি’ সিরিজে শেষবার দেখা গিয়েছিল তাঁকে। অভিনয় এবং আধ্যাত্মিকতা -দুটি বিষয়কেই যে তিনি সমানতালে বজায় রাখতে চান, তা তাঁর স্পষ্ট বার্তাতেই পরিষ্কার। সোজা কথায়, অভিনয়ে ইতি টানার কোনো চিন্তাভাবনা তাঁর নেই।করণ ওয়াহির এই স্বচ্ছ অবস্থান তাঁর অনুরাগীদের জন্য স্বস্তির খবর। আধ্যাত্মিকতা এবং পেশাদার জীবনের ভারসাম্য বজায় রেখেই তিনি আগামী দিনে এগিয়ে যেতে চান।