গুরু পূর্ণিমার শুভ তিথিতে বিনোদন জগতের এক আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল অনুরাগীরা। বলিউডের অন্যতম সফল প্রযোজক-পরিচালক করণ জোহর তাঁর দীর্ঘ ও বর্ণময় চলচ্চিত্র জীবনের সমস্ত কৃতিত্ব উৎসর্গ করলেন শাহরুখ খান এবং আদিত্য চোপড়াকে।

বুধবার সমাজমাধ্যমে শাহরুখ ও আদিত্যর সঙ্গে তোলা পুরোনো কিছু আবেগঘন ছবি পোস্ট করে করণ প্রকাশ করেন এক দীর্ঘ স্মৃতিচারণ। স্পষ্ট ভাষায় জানান, এই দুই মানুষ যদি তাঁর ওপর বিশ্বাস না রাখতেন, তবে আজকের ‘করণ জোহর’-এর অস্তিত্বই থাকত না।

করণের স্মৃতিচারণায় উঠে আসে ১৯৯৫ সালের কালজয়ী ছবি ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’-র আগের কথা। সেসময় উচ্চশিক্ষার জন্য মুম্বই ছেড়ে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কিন্তু ছবির কাজ শুরুর ঠিক মুখে, রাত ১টার সময় আদিত্য চোপড়া তাঁকে আটকে দেন। তাঁকে বিদেশে না গিয়ে এই ছবির সহকারী পরিচালক হিসেবে যোগ দেওয়ার পরামর্শ দেন যশ চোপড়ার পুত্র।

করণ লেখেন, "আদিত্যই প্রথম আমাকে বলেছিল, আমি যদি পরিচালনার পথে না হাঁটি তবে জীবনে সবচেয়ে বড় ভুল করব। পরদিন সকালে চোখ ভরা জল নিয়ে আমি আমার বাবা যশ জোহরের কাছে যাই এবং ফিল্ম সেটে কাজ করার জন্য এক বছরের সময় চাই। বাবা বলেছিলেন, পরিচালক হতে গেলে কেবল অনুভূতির প্রয়োজন। আমি আবেগে ভেসে যাচ্ছিলাম, কিন্তু সেদিন আদিত্য ছাড়া আর কেউ আমাকে বিশ্বাস করেনি।"

ডিডিএলজি-র পর আসে ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত করণের ডেবিউ ছবি ‘কুছ কুছ হোতা হায়’-র পালা। করণ স্মরণ করেন, সুইজারল্যান্ডের পাহাড়ি অঞ্চলে শাহরুখ খানের সঙ্গে হওয়া এক ঐতিহাসিক কথোপকথনের মুহূর্ত। পরিচালক জানান, "আমি তখন মন খারাপের নাটক করে পাহাড়ের দিকে তাকিয়ে সহানুভূতি খোঁজার চেষ্টা করছিলাম। হঠাৎ শাহরুখ ভাই এসে আমাকে বলল, 'তুই পরিচালক হবি, আর তোর প্রথম ছবিতে আমি অভিনয় করব!' প্রথমে ভেবেছিলাম ও হয়তো অক্সিজেনের অভাবে ভুলভাল বলছে! কিন্তু ভারতে ফিরে ও সত্যি সত্যি আমার বাবার সঙ্গে কথা বলে। আমার মতো এক অনভিজ্ঞ ছেলের ওপর শাহরুখ সেদিন যে বিশ্বাস রেখেছিল, তা আজও আমার কাছে অবিশ্বাস্য।"

বলিউডের এই জনপ্রিয় ধর্মা প্রোডাকশনের কর্ণধার খুবই বিনম্রভাবে স্বীকার করেছেন যে, তাঁর সমস্ত উত্থান-পতন, সাফল্য-ব্যর্থতা ও ত্রুটি সত্ত্বেও আজ তিনি যে জায়গায় পৌঁছেছেন, তা কেবল এই দুই ‘গুরু’র জন্যই সম্ভব হয়েছে।

পোস্টের শেষে আবেগপ্রবণ করণ লেখেন, "তোমাদের ভালবাসার কারণেই আজ আমি গল্প বলতে পারি। হ্যাপি গুরু পূর্ণিমা, আদি ও ভাই!" বিনোদন মহলে করণের এই পোস্টটিতে ইতিমধ্যেই ভক্ত থেকে শুরু করে সহ-তারকারা শ্রদ্ধা, ভালবাসায় ভরিয়ে দিয়েছেন।