সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
'এজেন্ট বিনোদ'-এর প্রস্তাব ছেড়েছিলেন ধর্মেন্দ্র
'ইক্কিস' ছবিতে শেষবার দেখা গিয়েছিল প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্রকে। 'জনি গাদ্দার'-এর পর এই ছবিতে একসঙ্গে কাজ করেন শ্রীরাম রাঘবন এবং বলিউডের 'হি ম্যান'। তবে কিংবদন্তি অভিনেতাকে শ্রীরাম রাঘবন তাঁর আরেক ছবি 'এজেন্ট বিনোদ'-এরও প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু ধর্মেন্দ্র ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত সেই ছবি ফিরিয়ে দিয়েছিলেন বলে জানান পরিচালক। রাঘবন বলেন, ছবির গল্প ছিল ভারত‑পাকিস্তান সম্পর্কের প্রেক্ষাপটে। ধর্মেন্দ্র জানিয়েছিলেন, “যদি গল্প ভারত‑পাকিস্তান সম্পর্ক নিয়ে হয়, আমি এতে কাজ করতে চাই না।” শ্রীরামের কথায়, 'এজেন্ট বিনোদ'‑এর গল্প ধর্মেন্দ্রর পছন্দ হয়নি। তাই ওই সিনেমার সেই অংশ আর এগিয়ে নেওয়া হয়নি। গত ২৪ নভেম্বর চিরঘুমের দেশে পাড়ি দেন ধর্মেন্দ্র। তার ঠিক কয়েকদিন পরেই মুক্ত পায় 'ইক্কিস'। ফলে ধর্মেন্দ্রর এই ছবিকে ঘিরে বাড়তি আবেগ তৈরি হয়।
অভিনেতাদের 'নিরাপত্তাহীনতা' নিয়ে সতর্ক করলেন করণ
বলিউড পরিচালক করণ জোহর জানিয়েছেন, বর্তমান সময়ে অনেক অভিনেতা অভিমানী বা 'নিরাপত্তাহীন' মনোভাব নিয়ে কাজ করেন। তিনি বললেন, আজকাল অনেকের মধ্যে পেশাদার বিশ্বস্ততা কমে গিয়েছে। কেউ দুই-তিন বছর পরপর টিম পরিবর্তন করেন বা কাজ ছাড়েন। করণ বলেন, এই অভিমান ও অনাস্থার কারণে শিল্পজগতে সততা ও বিশ্বস্ততার অভাব দেখা দেয়। ৩১ বছরের কেরিয়ারে তিনি শিখেছেন, এই ব্যবসা মূলত মানুষের মন, অহংকার ও নিরাপত্তাহীনতার সঙ্গে কাজ করে। তাই তিনি নতুনদের সতর্ক করেন, ভালে কাজ করতে হলে নিজের চরিত্র ও সততা বজায় রাখা জরুরি।
তানিয়ার সঙ্গে কি সত্যি কাজ করছেন একতা কাপুর?
টেলিভিশন প্রযোজক একতা কাপুর নিশ্চিত করেছেন যে তিনি 'বিগ বস ১৯'-এর প্রতিযোগী তানিয়া মিত্তল‑কে একটি লিখিত প্রস্তাব দিয়েছেন। একতা বলেন, “আমি এখনই তোমাকে লিখিত অফার দিচ্ছি এবং তোমার সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।” যা শুনে স্বাভাবিকভাবেই খুশিতে ফেটে পড়েন তানিয়া। উত্তেজিত হয়ে জানতে চান “আমি নায়িকা হওয়ার পথে আছি?” একতা তার পরিবারকেও আস্থা দিয়েছেন। এই প্রস্তাব কেবল একবারের নয়, বরং দীর্ঘমেয়াদি সহযোগিতার সূচনার দিকে ইঙ্গিত করছে বলে মত অনেকের।
