বলিউডের অন্দরে গুঞ্জন বা বিতর্ক নতুন কিছু নয়। তবে সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকে শুরু হয়েছে এক তুমুল বিতর্ক। ঘটনাটি ঘটেছে ‘কল মি বে’ সিজন ২-এর একটি প্রচারের অনুষ্ঠানে। সেখানে উপস্থিত ছিলেন বলিউডের প্রভাবশালী পরিচালক-প্রযোজক করণ জোহর এবং বর্তমান প্রজন্মের অভিনেত্রী অনন্যা পাণ্ডে। ক্যামেরার সামনে পোজ দেওয়ার সময় করণের একটি আচরণ ঘিরেই এখন দ্বিধাবিভক্ত নেটিজেনরা।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, পাপারাজ্জিদের সামনে হাসিমুখে দাঁড়িয়ে পোজ দিচ্ছিলেন করণ ও অনন্যা। ঠিক সেই মুহূর্তেই করণ জোহর অনন্যার নিতম্বে মৃদু চাপড় মারেন। ভিডিওতে দেখা যায়, এই আচরণের পর অনন্যা মুহূর্তের জন্য করণের দিকে তাকান এবং তারপরই আবার মুখে হাসি বজায় রেখে পোজ দিতে শুরু করেন।
এই মুহূর্তটি ঘিরেই শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া ট্রোলিং ও তর্কের লড়াই। নেটিজেনদের একাংশ দাবি করছেন, করণের এই আচরণ ছিল অত্যন্ত ‘অস্বস্তিকর’ এবং জনসমক্ষে এমন শারীরিক স্পর্শের কোনও প্রয়োজন ছিল না। কেউ কেউ একে অনন্যার জন্য অবমাননাকর বলেও মনে করছেন। অন্যদিকে, করণের অনুরাগীরা এই বিষয়টিকে মোটেও এভাবে দেখতে চান না। তাঁদের মতে, অনন্যাকে বলিউডে নিয়ে আসার পিছনে করণের বড় ভূমিকা রয়েছে। তাঁদের মধ্যে দীর্ঘদিনের পারিবারিক ও পেশাদার সম্পর্ক। ফলে এই স্পর্শটি ছিল নিছকই স্নেহের।
উল্লেখ্য, ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ সিনেমার মাধ্যমে অনন্যার অভিষেক থেকে শুরু করে ‘লাইগার’ বা ‘গেহরাইয়াঁ’-র মতো প্রজেক্টে তাঁরা একসঙ্গে কাজ করেছেন। যদিও এই ভাইরাল ভিডিও বা বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত করণ জোহর বা অনন্যা পাণ্ডে, কেউই মুখ খোলেননি। আপাতত নেটিজেনদের মধ্যে তর্ক চলছেই।
প্রসঙ্গত, অনন্যার আগামী কাজ ‘কল মি বে ২’ নিয়ে এখন ব্যস্ত তিনি। ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছিল এর প্রথম সিজন। তা দর্শকের মনে ব্যাপক সাড়া ফেলেছিল। তাই নতুন সিজনের জন্য অপেক্ষায় আছেন দর্শক।
















