আগামী ১২ জুন বলিউডে এক বলিপাড়ায় যেন মহাযুদ্ধের আবহ! বক্স অফিসে মুখোমুখি হতে চলেছে একাধিক বড় বাজেটের ছবি। একদিকে রয়েছে ইমতিয়াজ আলীর বহু প্রতীক্ষিত 'ম্যায় ওয়াপাস আউঙ্গা', অন্যদিকে, কঙ্গনা রানাওয়াতের 'ভারত ভাগ্য বিধাতা'। একই দিনে একাধিক ছবির মুক্তিতে প্রেক্ষাগৃহ পাওয়া নিয়ে টানাপোড়েন স্পষ্ট। এবার এই বিষয়ে মুখ খুললেন 'জব উই মেট' পরিচালক।

দিলজিৎ দোসাঞ্জ, বেদাং রায়না, শর্বরী এবং নাসিরুদ্দিন শাহ অভিনীত 'ম্যায় ওয়াপাস আউঙ্গা' ছবির পরিচালক মনে করিয়ে দিয়েছেন, অন্য কোনও ছবি এই দৌড়ে শামিল হওয়ার অনেক আগেই তাঁরা মুক্তির তারিখ চূড়ান্ত করেছিলেন। ফলে প্রতিযোগিতার ময়দানে পিছু হটার কোনও প্রশ্নই নেই তাঁদের।

এক সাক্ষাৎকারে ইমতিয়াজ আলী জানান, কঙ্গনা রানাওয়াতের 'ভারত ভাগ্য বিধাতা', মনোজ বাজপেয়ী অভিনীত 'গভর্নর: দ্য সাইলেন্ট সেভিয়ার' এবং বিক্রম ভাটের 'হন্টেড থ্রিডি: ইকোস অব দ্য পাস্ট'-এর মতো ছবিগুলো যখন একই উইকএন্ডে আসার সিদ্ধান্ত নেয়, তার অনেক আগেই ১২ জুনের স্লটটি বুক করে ফেলেছিল তাঁর টিম। বক্স অফিসের হিসেবনিকেশের চেয়ে নিজের ছবির ওপরই বেশি ভরসা রাখছেন তিনি।

ইন্ডাস্ট্রির অলিখিত নিয়মের কথা মনে করিয়ে দিয়ে সাক্ষাৎকারে পরিচালক বলেন, “এই বিষয়গুলো তো আর নিয়ন্ত্রণে থাকে না। আমরাই প্রথম ঘোষণা করেছিলাম। সাধারণত ইন্ডাস্ট্রিতে এক ধরণের বোঝাপড়া থাকে, যেমন ‘আমার সিনেমা আসছে, তুই এখন আসিস না, পরের বার আসিস’ এই জাতীয় ব্যাপার, এবং সেটা কাজও করে। এই প্রথম আমি শুনছি যে একই দিনে আরও অন্যান্য সিনেমাও মুক্তি পাচ্ছে। তবে, যদি পরিস্থিতি এমনই হয়, তবে তাই হোক।”

প্রসঙ্গত, ১২ জুনের একই সঙ্গে চারটে হিন্দি ছবি মুক্তি পাচ্ছে। ইমতিয়াজের 'ম্যায় ওয়াপাস আউঙ্গা', কঙ্গনা রানাওয়াতের 'ভারত ভাগ্য বিধাতা', মনোজ বাজপেয়ী অভিনীত 'গভর্নর: দ্য সাইলেন্ট সেভিয়ার' এবং বিক্রম ভাটের 'হন্টেড থ্রিডি: ইকোস অব দ্য পাস্ট'শেষ পর্যন্ত কোন ছবি বক্স অফিসে বাজিমাত করে, এখন সেটাই দেখার।