কঙ্গনা রানাওয়াত বরাবরই কোনও রাখঢাক না রেখেই বিভিন্ন বিষয়ে নিজের সুস্পষ্ট মতামত প্রকাশ করে থাকেন। আর সেই কারণে আকছার তিনি শিরোনামে থাকেন। সম্প্রতি কঙ্গনা রানাওয়াত কথা বলেন দীপিকা পাড়ুকোনের ৮ ঘণ্টার শিফটের দাবি নিয়ে। কঙ্গনা এই বিতর্কে দীপিকার পাশেই দাঁড়িয়েছেন। 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, নাগ অশ্বিন পরিচালিত 'কল্কি ২৮৯৮ এডি' ছবির সিক্যুয়েল থেকে দীপিকা সরে দাঁড়ান, একই সঙ্গে সরে দাঁড়ান সন্দীপ রেড্ডি ভাঙার ছবি 'স্পিরিট' থেকে। দীপিকা সেই সময়ই দাবি করেন ৮ ঘণ্টার শিফটের। দীপিকার এই দাবি নিয়েই বলিউডে শুরু হয় বিতর্ক। কেউ তাঁর এই দাবিকে অযৌক্তিক বলেন, কেউ আবার তাঁকে সমর্থন করেন। এবার গোটা বিষয়ে মুখ খুললেন সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। 
সম্প্রতি একটি সাক্ষাৎকারে কঙ্গনা রানাওয়াত দীপিকা পাড়ুকোনের এই দাবি প্রসঙ্গে বলেন, 'আমার মনে হয় না এটা নিয়ে এত তর্ক, বিতর্কের কিছু আছে। উনি যেখান থেকে আসছেন, যেখানে রয়েছেন, সেই জায়গাটা উনি নিজে অর্জন করেছেন। ওঁর একটি মেয়ে আছে, এখন ও একজন মা। দেশের অন্যতম সেরা অভিনেত্রী। এখন ও যদি দিনে ৮ ঘণ্টার শিফট করতে চায়, তাহলে সেই জায়গা তিনি অর্জন করেছেন।' 

কঙ্গনা এদিন আরও বলেন, " দীপিকা আর আমি যখন একসঙ্গে ছিলাম, ও বলেছিল ইমতিয়াজের কোনও ছবিতে কাজ করছে, ওদের ১২ ঘণ্টার শিফট। জবাবে আমি বলেছিলাম আমি কেবল ১০ ঘণ্টা কাজ করি। শুনে ও খুব খুশি হয়েছিল। ওই সময় আমরা ১২-১৪ ঘণ্টার কমে কাজ করতাম না কাজের দারুণ খিদে ছিল। আমরা ওটাই চাইতাম। আমরা সফল হতে চেয়েছিলাম। এসবই চেয়েছিলাম। 

প্রসঙ্গত দীপিকা পাড়ুকোনকে আগামীতে 'কিং' ছবিতে দেখা যাবে। তাঁর সঙ্গে সেই ছবিতে শাহরুখ খান, রানি মুখোপাধ্যায়, অভিষেক বচ্চন, সুহানা খান, প্রমুখ থাকবেন। ২০২৬ সালের ২৪ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।