বলিউডে ফের উঠল বিতর্কের দমকা ঝড়। আর সেই গুরুতর বিতর্কের ঝোড়ো হওয়ার মধ্যেই সরাসরি আগুন জ্বালালেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। ‘কেডি – দ্য ডেভিল’ ছবির একটি গানের জেরে তৈরি হওয়া এই বিতর্কে তিনি তোপ দাগলেন গোটা ইন্ডাস্ট্রির বিরুদ্ধে।

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘সরসে নিন্না সেরাগা সরসে’ গানটির ভিডিও (হিন্দিতে ‘সরকে চুনর তেরি সরকে’) যেখানে নজর কেড়েছিলেন নোরা ফতেহি। কিন্তু গানটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র সমালোচনা। অভিযোগ, গানের কথা ও ভিজ্যুয়াল অত্যন্ত ‘অশ্লীল’ ও ‘কুইঙ্গিতপূর্ণ’।

এবার এই বিতর্ক নিয়েই মুখ খুললেন কঙ্গনা। বললেন, “অশ্লীলতা, কৌশল আর নজর কাড়ার জন্য বলিউড সব সীমা পেরিয়ে গেছে। গোটা দেশ এখন তাদের নিন্দা করছে। কিন্তু তাতেও বলিউডের লজ্জা নেই।” তবে শুধু সমালোচনাতেই থামেননি তিনি। কঙ্গনার দাবি, এখনই কঠোর নিয়ন্ত্রণ দরকার – “এই ধরনের অশ্লীলতা দেখানোর ওপর আরও কড়া লাগাম টানা উচিত। বলিউডে কঠোর নিয়ম আনতেই হবে।”

 

বিতর্কের সূত্রপাত ঠিক কোথায়?

‘কেডি – দ্য ডেভিল’ ছবির গানটি ইউটিউবে মুক্তির পরই নেটিজেনদের একটি বড় অংশ ক্ষোভ উগরে দেয়। অনেকেই গানটিকে ‘অশালীন’, কুরুচিপূর্ণ এবং ‘গ্রহণযোগ্য নয়’ বলে আখ্যা দেন। চাপ বাড়তেই নির্মাতারা শেষমেশ সোশ্যাল মিডিয়া থেকে গানটি সরিয়ে নেন।

এদিকে বিষয়টি গড়ায় সরকারি স্তরেও। জাতীয় মানধিকার কমিশন ইতিমধ্যেই নির্মাতাদের কাছে নোটিস পাঠিয়েছে। অভিযোগ, গানে ব্যবহৃত ভাষা ও উপস্থাপনা ‘অশ্লীল ও আপত্তিকর’। কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, গানটি সব প্ল্যাটফর্ম থেকে সরাতে হবে।

 

‘কেডি – দ্য ডেভিল’ একটি কন্নড় পিরিয়ড ড্রামা, পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রেম। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ধ্রুব সরজা এবং সঞ্জয় দত্ত। প্রযোজনায় কেভিএন প্রোডাকশনস, যারা এর আগেও বড় বড় বাজেটের একাধিক দক্ষিণী ছবির সঙ্গে যুক্ত থেকেছি। যশের আগামী ছবি টক্সিক-এরও প্রযোজনার দায়িত্বে রয়েছে এই সংস্থা। তবে এত বিতর্কের মাঝেও এখনও পর্যন্ত ছবির নির্মাতাদের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

সব মিলিয়ে, একটি গান ঘিরে তৈরি হওয়া এই বিতর্ক এখন বলিউডের ‘সীমা’ নিয়ে বড় প্রশ্ন তুলে দিল—কোথায় থামবে বিনোদন, আর ঠিক কোথা থেকে শুরু হবে ‘অশ্লীলতা’?

 

 

&t=643s