বলিউডে বরাবরই নিজেকে ‘আউটসাইডার’ বলে দাবি করেছেন কঙ্গনা রানাওয়াত। বহু বছর ধরে লড়াই করে জায়গা করে নেওয়ার অভিজ্ঞতা একাধিকবার ভাগ করে নিয়েছেন। তিনি মুখ খুললেই বিতর্ক, কঙ্গনাকে ঘিরে এমন ধারণাও প্রচলিত রয়েছে। এবার এক রহস্যজনক পোস্ট করে ফের শিরোনামে উঠে এসেছেন 'কুইন'।
সম্প্রতি সমাজমাধ্যমে কঙ্গনা মানুষের আচরণ এবং জীবনের গভীর দিক নিয়ে কিছু বিষয় তুলে ধরেছেন। যা নিয়ে ভক্তদের মাঝে শুরু হয়েছে চর্চা। সাংসদ লিখেছেন, "সকলকে বাইরের দিক থেকে স্বাভাবিক মনে হয়, কিন্তু অনেকেই ভেতরে জম্বির মতো আচরণ করে।" তিনি বোঝাতে চেয়েছেন, এমন মানুষ যারা আবেগ বা বুদ্ধিমত্তা ছাড়া চলাফেরা করে, তাদের থেকে দূরে থাকা ভালো।
কঙ্গনার মতে, জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিতে সঠিক মানুষের সঙ্গে সম্পর্ক রাখা জরুরি। যারা ইতিবাচক, স্মার্ট এবং অনুপ্রেরণাদায়ক, তাদের সঙ্গে সময় কাটান। আর যারা শুধু বাহ্যিক সৌন্দর্য বা অবস্থান দেখে প্রভাবিত হয়, তাদের থেকে দূরে থাকাই ভাল। তিনি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজে নেওয়ার কথাও বলেছেন এবং নিজের প্রতি যত্নশীল থাকার বার্তা দিয়েছেন। কঙ্গনা লিখেছেন, নিজের জীবন নিজের চোখে দেখো এবং নিজের মূল্য বোঝো।
পোস্টটি শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গে ভক্তরা সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করতে শুরু করেছেন। অনেকেই লিখেছেন, কঙ্গনার কথায় জীবনকে নতুনভাবে ভাবার সুযোগ পেলাম। কেউ আবার বলেছেন, এটি সত্যিই অনুপ্রেরণামূলক এবং বাস্তবতার সঙ্গে মেলে।
প্রসঙ্গত, সম্প্রতি রাজনীতির কাজের মাঝখানে সময় বের করে ছবির কাজে ফিরেছেন কঙ্গনা রানাওয়াত। তিনি তাঁর আগামী ছবি 'ভারত ভাগ্য বিধাতা' ছবিটির কাজ শুরু করেছেন। অভিনেত্রীর মণিকর্নিকা ফিল্মস প্রোডাকশন হাউজের তরফে এই ছবিটির প্রযোজনা করা হচ্ছে। ছবিটির পরিচালনা করবেন মনোজ তাপাড়িয়া। ইনস্টাগ্রামে এই প্রযোজনা সংস্থার তরফে ছবি শুরুর খবর দেওয়া হয় অনুরাগীদের। কঙ্গনা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্টটি শেয়ার করে লেখেন, 'ছবির সেটে ফিরতে পেরে ভাল লাগছে।' কঙ্গনা রানাওয়াতকে শেষবার 'এমারজেন্সি' ছবিতে দেখা গিয়েছিল। সেখানে তিনি ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছিলেন। বক্স অফিসে লাভের মুখ দেখেনি সেই ছবি।
