আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...


এবার ‘লক আপ’-এ কোন ভূমিকায় কঙ্গনা?

বলিউডের ‘কন্ট্রোভার্সিকুইন’ কঙ্গনা রানাওয়াত মানেই বাড়তি উত্তেজনা। ওটিটি দুনিয়ার অন্যতম চর্চিত রিয়্যালিটি শো ‘লক আপ’-এর প্রথম সিজনে সঞ্চালক হিসেবে বাজিমাত করেছিলেন তিনি। এই শো-এর নতুন সিজন নিয়ে বড়সড় চমক আসতে চলেছে। তবে এবার আর মূল সঞ্চালক হিসেবে নয়, একেবারে নতুন এবং ভিন্ন এক ভূমিকায় কামব্যাক করতে চলেছেন। শোনা যাচ্ছে, ‘লক আপ’-এর নতুন সিজনটি আসতে চলেছে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্স। আর এবার এই শো সঞ্চালনা করার দায়িত্বে থাকছেন বলিউড পরিচালক ফারহা খান এবং অভিনেতা রিতেশ দেশমুখ। শো-এর অন্দরের খবর, নতুন সিজনে কঙ্গনাকে দেখা যাবে ‘জনতার আওয়াজ’ হিসেবে। অর্থাৎ, তিনি সাধারণ দর্শকদের প্রতিনিধি হয়ে শো-এর প্রতিযোগীদের মুখোমুখি হবেন। কঙ্গনার কাজ হবে প্রতিযোগীদের ভুলত্রুটি, তাঁদের স্ট্র্যাটেজি এবং ঘরের ভেতরের বিতর্কিত বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষের মনের প্রশ্ন সরাসরি তাঁদের সামনে তুলে ধরা। নিজের চেনা কড়া এবং স্পষ্টবক্তা মেজাজেই ‘বন্দি’দের ক্লাস নেবেন অভিনেত্রী।

‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রীর প্রেমে পড়েছেন সময় রায়না!

বলিউড এবং ওটিটি দুনিয়ার অন্দরে সম্পর্কের গুঞ্জন নতুন কিছু নয়। এবার বিনোদন জগতের এক নতুন সমীকরণ নিয়ে নেটপাড়ায় তুমুল চর্চা শুরু হয়েছে। ‘টুয়েলভথ ফেল’ ছবি খ্যাত অভিনেত্রী মেধা শঙ্কর এবং জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান সময় রায়নার ডেটিংয়ের গুঞ্জনে এখন সরগরম সোশ্যাল মিডিয়া। একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে শুরু হয়েছে জল্পনা। ভিডিওতে দেখা যায়, মুম্বইয়ের একটি রেস্তোরাঁ বা ক্যাফে থেকে একসঙ্গে বেরচ্ছেন মেধা এবং সময়। পাপারাৎজিদের ক্যামেরায় দু’জনে বেশ হাসিখুশি ও সাবলীল মেজাজে ধরা দেন। সময় তাঁর চেনা রসিকতার ছলে পাপারাৎজিদের সঙ্গে একটু মজাও করেন, আর মেধা মিষ্টি হেসে গাড়িতে গিয়ে বসেন। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে কৌতূহল তুঙ্গে ওঠে। অনেকেই প্রশ্ন করতে শুরু করেন, তবে কি এবার স্ট্যান্ড-আপ কমেডির দুনিয়ার সঙ্গে বলিউডের মেলবন্ধন হতে চলেছে?

গোবিন্দার ‘পরকীয়া’ নিয়ে ফের বিস্ফোরক সুনীতা

গোবিন্দ এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য জীবন ইন্ডাস্ট্রিতে অন্যতম সফল ও দীর্ঘস্থায়ী হিসেবে পরিচিত। নব্বইয়ের দশকে যখন গোবিন্দ জনপ্রিয়তার শীর্ষে, তখন তাঁর নাম একাধিক সহ-অভিনেত্রীর সঙ্গে জড়িয়েছিল। এই বিষয়ে সুনীতাকে জিজ্ঞেস করা হলে তিনি বেশ চড়া সুরেই জবাব দেন। অভিনেতার স্ত্রী বলেন, "ও একজন বড় হিরো। আর একজন বড় হিরোর জীবনে এই ধরনের গুঞ্জন বা ঘটনা আসাটা নতুন কিছু নয়। ও তো হিরো, আপনি ওকে কিছু বলতে পারবেন না।" সুনীতার এই মন্তব্য থেকে স্পষ্ট যে, গোবিন্দের জনপ্রিয়তার কারণে তাঁর জীবনে আসা নারীদের উপস্থিতি সুনীতা একপ্রকার মেনে নিয়েই সংসার গুছিয়ে রেখেছিলেন। তিনি আরও ইঙ্গিত দেন যে, বিনোদন দুনিয়ার গ্ল্যামার আর স্টারডমের মাঝে এই ধরনের পরিস্থিতি সামলানো সহজ ছিল না, কিন্তু তিনি শক্ত হাতে নিজের পরিবারকে ধরে রেখেছিলেন।