বলিউডের 'কন্ট্রোভার্সি কুইন' কঙ্গনা রানাওয়াতকে নিয়ে ফের উত্তাল নেটপাড়া। সম্প্রতি ২০১৪ সালের ছবি ‘রিভলভার রানি’-র শুটিং সেটের একটি পুরনো ঘটনা ফের প্রকাশ্যে আসায় তা নিয়ে চলছে ব্যাপক চর্চা। সাংবাদিক সিমি চন্দক সম্প্রতি একটি পডকাস্টে দাবি করেছেন যে, ওই ছবির একটি ঘনিষ্ঠ দৃশ্য শুট করার সময় কঙ্গনা এতটাই ডুবে গিয়েছিলেন যে দৃশ্য শেষ হওয়ার পরেও তিনি থামেননি। সিমি জানান, নিজেকে সামলাতে না পেরে কঙ্গনা অভিনেতা বীর দাসের ঠোঁট কামড়ে নাকি রক্ত বের করে দিয়েছিলেন।
কঙ্গনার এই কাণ্ড নেটপাড়ায় ছড়িয়ে পড়তেই তোলপাড় শুরু হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে বছর তিনেক আগে কঙ্গনা নিজেই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মজা করে লিখেছিলেন, হৃত্বিক রোশানের পর নাকি তিনি বীর দাসেরও 'সম্মান লুঠ' করেছেন! যদিও এই ঘটনা আবার ছড়িয়ে পড়তে বীর দাস বা কঙ্গনা কেউই বর্তমানে এই বিষয়টি নিয়ে নতুন করে কোনও প্রতিক্রিয়া জানাননি।
বলিউডের শুটিং সেটের এমন অন্দরমহলের গল্প সাধারণত প্রকাশ্যে আসে না। তাই সিমির এই বিস্ফোরক মন্তব্য সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আলোচনার খোরাক জুগিয়েছে। অনেকেই বিষয়টিকে কেবল 'গসিপ' হিসেবে দেখছেন, আবার অনেকের মতে, ক্যামেরার নেপথ্যে থাকা এমন ঘটনাগুলোই তারকাদের সম্পর্কে সাধারণ মানুষের কৌতূহল আরও বাড়িয়ে দেয়। আপাতত এই ঘটনাটি নেটিজেনদের মধ্যে এক বড়সড় বিতর্কের কেন্দ্রে দাঁড়িয়েছে।














