জি বাংলায় কিছুদিন আগেই শুরু হয়েছে 'কমলা নিবাস'। ইতিমধ্যেই এই মেগাকে ভালবাসা দিচ্ছেন দর্শক। এই ধারাবাহিকের হাত ধরে বহু বছর পর ছোটপর্দায় ফিরেছেন পরমব্রত চ্যাটার্জি। তাঁকে দেখা যাচ্ছে দেবাদৃতা বসুর সঙ্গে। গল্পে পরমব্রতর নাম 'সৌরভ'। অন্যদিকে দেবাদৃতাকে দেখা যাচ্ছে 'পল্লবী'র চরিত্রে। সৌরভ ও পল্লবীর জুটির বিয়ে হবে এমনটাই দেখানো হচ্ছে গল্পে। 

কিন্তু টলিপাড়ার অন্দরের খবর দেবাদৃতার নায়ক নাকি পরমব্রত নন, অন্য কেউ। দেবাদৃতাকে জুটি বাঁধতে দেখা যাবে অভিনেতা ঋদ্ধিষ চৌধুরীর সঙ্গে। ইতিমধ্যেই ধারাবাহিকে ঋদ্ধিষের চরিত্রের ঝলক দেখা গিয়েছে। তাঁর চরিত্রের নাম 'আদিত্য'। 

রাজনীতির সঙ্গে যুক্ত আদিত্যর পরিবার। আর সে বাউন্ডুলে ছেলে। কীভাবে পল্লবীর সঙ্গে আলাপ হবে তার, সেটাই দেখার। টলিপাড়ার অন্দরের খবর, পল্লবীর কুষ্ঠিতে যেহেতু দোষ রয়েছে, তাই সৌরভের সঙ্গে বিয়ে হতে গিয়ে একটা অঘটন ঘটবে। আর তারপরেই আদিত্যর সঙ্গে পল্লবীর জুটি দেখানো হবে। অর্থাৎ, পরমব্রত এই ধারাবাহিকে ক্যামিও চরিত্রে রয়েছেন। খুব বেশিদিন আর তাঁকে দেখা যাবে না। 

কিছুদিন আগেই ধারাবাহিকে দেখানো হয়েছিল  কমলার মেজমেয়ে পল্লবীর জন্য সম্বন্ধ খোঁজা হচ্ছে। এর মধ্যেই ভাল পরিবারে সম্বন্ধ খুঁজে পেয়েছে ঘটক। সেই কথা কমলাকে জানাতেই সে ঘটককে মনে করিয়ে দেয় যে পল্লবীর কুষ্ঠিতে দোষ আছে। এরপর পল্লবীকে দেখতে আসার দিন ঘটক জানায়, পাত্রপক্ষ আর আসবে না। পল্লবীর কুষ্ঠির দোষের জন্য ফের বিয়েতে বাধা পড়ে তার।

পল্লবী ভেঙে পড়ার মেয়ে নয়, সে বাড়িতে জানায় তার ভাগ্য সে মেনে নিয়েছে। কিন্তু মায়ের মন তো আর মানে না। এদিকে, সৌরভের মা তার বিয়ের সম্বন্ধ নিয়ে পল্লবীর কাছে আসে। পল্লবী প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়। কিন্তু কীভাবে সব এলোমেলো হয়ে যাবে পল্লবীর জীবনে? উত্তরের অপেক্ষায় 'কমলা নিবাস'-এর অনুরাগীরা।