আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...

ব্যক্তিগত অধিকার সুরক্ষা মামলায় কাজলের পাশেই দিল্লি হাইকোর্ট! 

ব্যক্তিগত অধিকার সুরক্ষিত রাখার দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন কাজল। বলিউডের এই প্রথম সারির অভিনেত্রীর পাশেই দিল্লি হাইকোর্ট। উক্ত আদালতের তরফে একটি অন্তর্বর্তীকালীন অর্ডার পাশ করানো হয়েছে তাঁর পক্ষে, সেখানে জানানো হয়েছে যে কেউ কাজলের নাম, ছবি, কণ্ঠস্বর ব্যবহার করতে পারবেন না কোনও বাণিজ্যিক কারণে। বিচারপতি জ্যোতি সিং তাঁর রায়ে জানিয়েছেন এরপর থেকে কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান কাজলের পরিচিতিকে ব্যবহার করত পারবেন না অভিনেত্রীর যথাযথ অনুমতি ছাড়া। এমনকী আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স ব্যবহার করে বা ডিপফেক টেকনোলজির সাহায্যে তাঁর কোনও ছবি বা ভিডিও বানানো অপরাধ হিসেবে গণ্য করা হবে। ইতিমধ্যেই তাঁর কোনও আপত্তিকর ছবি বা ভিডিও কোথাও ব্যবহার করা হয়ে থাকলে সেটা দ্রুত সরিয়ে ফেলার নির্দেশও দিয়েছেন। এর আগে বিবেক ওবেরয়, সলমন খান, ঐশ্বর্য রাই, অভিষেক বচ্চন, করণ জোহর, জয়া বচ্চন, হৃতিক রোশন, প্রমুখ একই পথে হেঁটেছেন। এবার তাতে যুক্ত হল কাজলের নাম। 

আইনি লড়াই নিয়ে মুখ খুললেন রাজপালের স্ত্রী

গত ১৭ ফেব্রুয়ারি এক মাসের জন্য অন্তর্বর্তীকালীন জামিনে তিহার জেল থেকে বাইরে এসেছেন অভিনীত রাজপাল যাদব। বর্তমানে তিনি তাঁর স্ত্রীর সঙ্গে উত্তর প্রদেশের গ্রামের বাড়িতে গিয়েছেন। সেখান থেকেই তাঁর স্ত্রী জানিয়েছেন এখনই এই আইনি লড়াই শেষ হয়নি। তিনি জানিয়েছেন তাঁরা একবার একটি করে পদক্ষেপ নিচ্ছেন, একসঙ্গে সবটা করার বদলে। রাজপাল যাদব সম্প্রতি জেলে কাটানো সময়টার বিষয়ে একটি সাক্ষাৎকারে বলেছেন, সেটা তাঁর জীবনের সবথেকে কঠিন সময়, কারণ তিনি তাঁর পরিবারের থেকে দূরে ছিলেন। এই বিষয়ে অভিনেতা আরও জানিয়েছেন, 'আমি এই রুটিন মেনে নিয়েছিলাম। আমি দ্রুত উঠে পড়তাম। শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতাম, মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতাম।' এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, বিগত কয়েক বছর ধরেই এই কেস চলছিল। সম্প্রতি তিনি ৯ কোটি টাকার চেক বাউন্স কেসে নিজেই গিয়ে তিহার জেলে আত্মসমর্পণ করেন। পরবর্তীতে তাঁর পাশে এসে দাঁড়ান বলিউডের একাধিক ব্যক্তিত্ব। 

অরবিন্দ পাণ্ডের সাসপেন্স থ্রিলারে অক্ষয় ওবেরয়, কবে থেকে শুট শুরু?

অক্ষয় ওবেরয় তাঁর আগামী প্রজেক্টের কাজ শুরু করলেন। জানা গিয়েছে আগামীতে তাঁকে একটি সাসপেন্স থ্রিলার ছবিতে দেখা যাবে। দেরাদুনে এই মাসের শেষেই শুটিং শুরু হবে এই ছবিটির। অরবিন্দ পাণ্ডে পরিচালনা করছেন। এই কাজ ছাড়াও অক্ষয় ওবেরয়কে আগামীতে যশের 'টক্সিক' এবং শাহরুখ খান অভিনীত 'কিং' ছবিতে দেখা যাবে।