নিধি আগরওয়াল থেকে সামান্থা রুথ প্রভু, একের পর এক অভিনেত্রীর হেনস্তার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বিপাকে পড়লেন বলিউডের অন্যতম দাপুটে অভিনেত্রী কাজল। সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে অনুরাগীদের উন্মাদনার মুখে পড়ে চরম অস্বস্তিকর পরিস্থিতির শিকার হতে হল তাঁকে। ভিড় সামলাতে গিয়ে যেন একপ্রকার ঘাম ছুটে গেল নিরাপত্তারক্ষীদের।
বর্তমানে নেট দুনিয়ায় একটি ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে কাজল তাঁর ব্যক্তিগত দেহরক্ষী এবং অনুষ্ঠানে নিরাপত্তারক্ষীরা থাকা সত্ত্বেও জনসমুদ্রের চাপে পড়ে টালমাটাল অবস্থা কাজলের। অভিনেত্রীকে এক ঝলক চোখের সামনে দেখতে, একটা নিজস্বী তোলার তাগিদে ভিড়ের মধ্যে শুরু হয় ব্যাপক ঠেলাঠেলি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, কাজল রীতিমতো ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার উপক্রম হন। তাঁর মুখে স্পষ্ট ধরা পড়ছিল আতঙ্ক ও বিরক্তির ছাপ।
বলিউডে এই ধরণের ঘটনা ইদানীং যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন আগেই বিমানবন্দরে দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভুর সঙ্গেও ঘটেছিল একই কাণ্ড। সেখানেও একদল অনুরাগী প্রায় অভিনেত্রীর গায়ে চড়ে বসার উপক্রম করেছিলেন। অন্যদিকে, নিধি আগরওয়ালের ভিড়ের মাঝে হেনস্থার অভিযোগ তোলপাড় ফেলে দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। কাজলের এই সাম্প্রতিক ভিডিওটি নতুন করে তারকাদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিল।
অনুষ্ঠানে পর্যাপ্ত বাউন্সার থাকা সত্ত্বেও কেন বারবার তারকারা এভাবে নাজেহাল হচ্ছেন, তা নিয়ে নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেছেন। অনুরাগীদের ভালবাসা যে অনেক সময় সীমানা অতিক্রম করে ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ করছে, তা মানছেন সিনেমা জগতের বিশেষজ্ঞরাও।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় কাজল কোনওক্রমে ভিড় ঠেলে নিজের গাড়িতে উঠতে সক্ষম হলেও, পুরো ঘটনায় তিনি যে প্রচণ্ড বিরক্ত, তা বোঝাই যাচ্ছিল।
সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার সমালোচনা করে অনেকেই লিখেছেন, ‘তারকাদেরও তো ব্যক্তিগত জায়গা প্রয়োজন। ভালবাসার নামে এই ধরণের উশৃঙ্খল আচরণ কোনওভাবেই কাম্য নয়।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘নিরাপত্তারক্ষীদের আরও সতর্ক হওয়া উচিত ছিল, কারণ ভিড়ের এই অনিয়ন্ত্রিত রূপ যে কোনও বড় দুর্ঘটনা ঘটাতে পারত।’ আপাতত এই ঘটনাটি টিনসেল টাউনের চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যেখানে প্রশ্ন উঠছে, 'তারকা হওয়ার মূল্য কি এভাবেই দিতে হবে?'
















