দীর্ঘ কয়েক মাসের কঠিন প্রতিযোগিতার পর অবশেষে 'ইন্ডিয়ান আইডল সিজন ১৬'-এর বিজয়ীর মুকুট উঠল ওড়িশার ভুবনেশ্বরের ২৪ বছরের গায়িকা জ্যোতির্ময়ী নায়কের মাথায়। গ্র্যান্ড ফিনালেতে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে তিনি বিচারক ও দর্শকদের মন জয় করে ট্রফির পাশাপাশি ২০ লক্ষ টাকা পুরস্কারও জিতে নিয়েছেন। এই জয়ের মাধ্যমে তিনিই প্রথম ওড়িয়া প্রতিযোগী হিসেবে 'ইন্ডিয়ান আইডল'-এর খেতাব জিতলেন।
বিজয়ী হওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জ্যোতির্ময়ী বলেন, এখনও তাঁর কাছে সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। এত বড় মঞ্চে দেশের সেরা গায়কদের সঙ্গে প্রতিযোগিতা করে শেষ পর্যন্ত ট্রফি জেতা তাঁর কাছে ভাষায় প্রকাশ করার মতো নয়। এই সাফল্যের জন্য তিনি বিচারক, দর্শক, পরিবার এবং সকল শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়েছেন, যাঁরা শুরু থেকেই তাঁর পাশে ছিলেন।
জ্যোতির্ময়ীর লক্ষ্য কিন্তু এখানেই শেষ নয়। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে বলিউডে প্লেব্যাক সিঙ্গার হিসেবে নিজের পরিচয় তৈরি করতে চান। বিশেষ করে আলিয়া ভাট এবং দীপিকা পাড়ুকোন-এর জন্য গান গাওয়া তাঁর বহুদিনের স্বপ্ন। তাঁর বিশ্বাস, এই জয় সেই স্বপ্নপূরণের পথে বড় পদক্ষেপ হয়ে থাকবে।
শো চলাকালীন জ্যোতির্ময়ী ধারাবাহিকভাবে একের পর এক দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন। তাঁর কণ্ঠের মাধুর্য, আবেগ এবং গানের বৈচিত্র্য বিচারকদের বারবার মুগ্ধ করেছে। গ্র্যান্ড ফিনালেতেও তিনি এমন একটি পরিবেশনা করেন, যা দর্শকদের দাঁড়িয়ে হাততালি দিতে বাধ্য করে। শেষ পর্যন্ত অংশিকা চোনকর, মনরাজ বীর সিং, সুহাইল সুফি, মিসমি বসু, এবং তনিষ্ক শুক্লার মতো শক্তিশালী প্রতিযোগীদের পিছনে ফেলে বিজয়ীর ট্রফি জিতে নেন৷
জ্যোতির্ময়ী আরও বলেন, এই সাফল্যের পর তাঁর দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে। এখন তিনি আরও কঠোর পরিশ্রম করে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। ভালো গান শেখা, নতুন নতুন সুরকারদের সঙ্গে কাজ করা এবং বড় পর্দায় নিজের কণ্ঠ শোনানোর স্বপ্ন নিয়েই এগিয়ে যেতে চান তিনি।
'ইন্ডিয়ান আইডল ১৬'-এর মঞ্চ তাঁকে শুধু জনপ্রিয়তাই দেয়নি, দিয়েছে সারা দেশের মানুষের ভালবাসা। এবার সেই ভালোবাসাকে পুঁজি করেই বলিউডের প্লেব্যাক জগতে নিজের আলাদা পরিচয় গড়ে তুলতে চান জ্যোতির্ময়ী নায়ক। তাঁর স্বপ্ন, একদিন আলিয়া ভাট কিংবা দীপিকা পাড়ুকোনের ঠোঁটে বাজবে তাঁরই গাওয়া গান—আর সেই দিনের অপেক্ষাতেই এখন এই তরুণ শিল্পী।
















