অভিশপ্ত এবং অপয়া ভেবেছিলেন যাকে সেটাই এখন লাকি হয়ে উঠেছে জিতেন্দ্রর কাছে! এদিন তাঁর বাংলো নিয়ে কী জানালেন বর্ষীয়ান অভিনেতা?
সম্প্রতি জিতেন্দ্র জানিয়েছেন কয়েক দশেক আগে তিনি একটি সম্পত্তি কিনেছিলেন, সেই সময় তিনি মাত্র ৪.২৫ লাখ টাকা খরচ করেছিলেন এই বাংলো কেনার জন্য। আর এখন সেই বাংলোর জমির দামই কেবল ৪৫০ কোটি! আদতে এই বাংলো কার ছিল, কীভাবে আর কেন কিনেছিলেন জিতেন্দ্র এটি?
বর্ষীয়ান অভিনেতা জানিয়েছেন আদতে পালি হিলসে অবস্থিত এই বাংলোটি ভারত ভূষণের বাড়ি ছিল। তবে এই বাড়িটি কেনার পরপর সেখান থেকে বেরিয়ে আসেন জিতেন্দ্র। থাকেননি সেই বাড়িতে। মনে করেছিলেন বাড়িটি আদ্যোপান্ত অপয়া এবং অভিশপ্ত। বাড়িটি কেনার পর দুর্ভাগ্য তাঁর পিছু ছাড়ছে না। কিন্তু নামমাত্র টাকায় কেনা সেই বাংলো এখন মহার্ঘ্য।
একটি সাক্ষাৎকারে জিতেন্দ্র জানিয়েছেন বাইজু বাওরা ছবি খ্যাত অভিনেতা ভারত ভূষণ নিজে তাঁর কাছে আসেন, এই বাড়িটি বিক্রির প্রস্তাব নিয়ে। সেই সময় ভারত ভূষণের আর্থিক ভাবে খারাপ সময় যাচ্ছিল, তাই তিনি বাড়িটি বিক্রি করতে চান। জিতেন্দ্রর বাবা সেই সময় তাঁকে এই বাংলো কেনার অনুমতি দেন। সেই ঘটনার স্মৃতি হাতড়ে অভিনেতা বলেন, 'উনি সেই সময় দারুণ বড় তারকা। তিনি নিজে এসেছিলেন তাঁর পালি হিলসের বাড়িটি কেনার প্রস্তাব নিয়ে। যখন বিষয়টি নিয়ে আমি আমার বাবার সঙ্গে কথা বলি, উনি বলেন হ্যাঁ, চলো আমরা এবার একটা বাংলো কিনি। তার আগে আমরা খুবই লোয়ার মিডিল ক্লাস জীবনযাপন করতাম। ২০/১০ এর একটা ছোট ঘরে ৮ জন মিলে থাকতাম। সেই সময় বাংলো কেনা একটা বড় ব্যাপার ছিল আমার জন্য।'
৪.২৫ লাখ টাকা দিয়ে ৩৪৫০ স্কোয়ার ফুটের এই জমিটি কেনেন তিনি। কিন্তু সেই বাড়িতে আসার পরই তাঁর একের পর এক ছবি ফ্লপ করতে থাকে। তখনই জিতেন্দ্রর মনে এই ধারণা দৃঢ় ভাবে গেঁথে বসে যে সেই বাড়িটি অভিশপ্ত। তিনি তাঁর বাবাকে বলেন, 'ভারত ভূষণ পালিয়েছেন, এবার আমার পালা। এখানে থাকলে, আমার কেরিয়ার ঠিক ভাবে শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে।' তখন তাঁরা সেই বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন।
পরবর্তীতে বর্ষীয়ান অভিনেতা এই বাড়িটিকে পুনর্নির্মাণ করান। সেই সময় আগের বাড়িটি তৈরি করলে যে শাল কাঠ ব্যবহৃত হয়েছিল সেটা বিক্রি করে অভিনেতা ১১.৫ লাখ টাকা পান। এবং তারপর সেখানে আবাসন বানান। ৮৫ টাকা প্রতি স্কোয়ার ফুট, এই রেটে তিনি সেই সময় ফ্ল্যাটগুলো বিক্রি করেন। আর এখন সেখানেই ৮৫,০০০ টাকায় প্রতি স্কোয়ার ফুট বিক্রি হয়।
একটা সময় জিতেন্দ্র যে বাড়ি সুদ্ধ জমি ৪.২৫ লাখ টাকায় কিনেছিলেন, সেখানে এখন কেবল সেই জমিটির দাম ৪৫০ কোটি টাকা!
















