আগামীকাল মুক্তি পাচ্ছে অভিমান। প্রসেনজিৎ চ্যাটার্জি, শুভশ্রী গাঙ্গুলি, যিশু সেনগুপ্ত সহ টলিউডের একাধিক তারকারা অভিনয় করেছেন এই ছবিতে৷ এই ছবির ট্রেলার থেকেই বোঝা যাচ্ছে সম্পর্কের সুতোর টান, অন্তরের অনুভূতিরা স্মৃতিসত্তার হাওয়ায় এলোমেলো হয়ে যাওয়া, সেখান থেকেই কি অভিমান? সেই উত্তর মিলবে প্রেক্ষাগৃহে৷ তবে ছবির প্রযোজক অভিনেতা যিশুর অনুরোধ বাবা মায়ের সঙ্গে 'অভিমান' দেখার। 

যিশু বলেন, "আমাদের ছবি অভিমান মুক্তি পেয়েছে৷ মানুষজন দেখছেন৷ এটা এক বাবা-ছেলের গল্প৷ ছেলের বাবাকে খুঁজে পাওয়ার গল্প৷ অনেক না বলা কথা থেকে যায়, সেই না বলা কথার ছবি৷ আগামীকাল ফার্দার্স ডে৷ যাঁদের বাবাকে অনেক কিছু বলা হয়নি, বা বলা হয়ে গিয়েছে তাঁদের সকলের অভিমান দেখা উচিত৷" 

যিশু আরও বলেন, "আমি আমার বাবা মাকে ছোটবেলায় হারিয়েছি৷ বাবাকে খুব ভয় পেতাম৷ অনেক কথা ছিল, বলা হয়নি, বাবাকে বলার ইচ্ছা ছিল, এখন আর কথা বলার উপায় নেই৷ আমি সাধারণত  অনুরোধ করি না, কিন্তু এই ছবির ক্ষেত্রে সকলকে অভিমান দেখার অনুরোধ করছি৷ প্রসেনজিৎ চ্যাটার্জি, শুভশ্রী গাঙ্গুলি রয়েছেন। বাবা ছেলে সম্পর্ক এমন এক, যেখানে দুই তরফেই অনেক কথা জমে থাকে বলা হয়ে ওঠে না৷ আমি নিজেও একজন বাবা৷ আমারও অনেক কিছু বলার থাকে কিন্তু বলা হয় না৷ অভিমান সেই কথা বলে৷" 


সবশেষে যিশু বলেন, "এই ছবির গান ইন্দ্রদীপ দাশগুপ্তের৷ ভারতের অন্যতম সেরা সুরকার আমার মতে ইন্দ্রদীপ৷ ফলে গানগুলোও আশা করি মানুষের পছন্দ হবে৷ আগামীকাল প্রসেনজিৎ চ্যাটার্জি এবং আমি অনেক সিনেমাহলে যাব৷ প্রযোজক এবং অভিনেতা দুই দায়িত্বই তাঁর পছন্দের৷ অভিনেতা হওয়ার ক্ষেত্রে দায়িত্ব কিছুটা কম৷ প্রযোজকের ক্ষেত্রে দায়িত্ব বেশি৷ ছবিটা করে আমার খুবই ভাল লেগেছে৷ আশা করি আপনাদের ভাল লাগবে৷"