বলিউডের অন্যতম প্রতীক্ষিত ছবি ‘ভূত বাংলা’ ইতিমধ্যেই ২০২৬ সালের আলোচনার কেন্দ্রে। কারণ একটাই, দীর্ঘ ১৪ বছর পর আবার একসঙ্গে ফিরছেন কমেডির কিংবদন্তি জুটি অক্ষয় কুমার এবং পরিচালক প্রিয়দর্শন। তাঁদের এই পুনর্মিলন ঘিরে দর্শকদের মধ্যে নস্টালজিয়ার ঢেউ স্পষ্ট।
ছবিটি প্রযোজনা করছে বালাজি মোশন পিকচার্স। শৈশব থেকে এই জুটির কমেডি দেখে বড় হওয়া দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। নির্মাতারা একের পর এক রহস্যময় পোস্টার প্রকাশ করে আগেই কৌতূহল বাড়িয়েছিলেন। সেই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করলেন ছবির অন্যতম অভিনেতা যিশু সেনগুপ্ত, যিনি সম্প্রতি শেয়ার করেছেন ছবির নতুন মোশন পোস্টার, যেখানে দেখা যাচ্ছে অক্ষয় কুমারের এক ভিন্ন অবতার।
নতুন পোস্টারে ভয়াবহ হরর আবহের সঙ্গে মিশেছে চেনা কমেডির ছোঁয়া। রুদ্রাক্ষের মালা, চেনা হাসি আর বীভৎস আকৃতি ও অবয়বের শয়তানের মুখ খোদাই করা সিংহাসনে বসা অক্ষয় -সব মিলিয়ে ছবির বিশালতা ও নাটকীয়তা স্পষ্ট। পোস্টার শেয়ার করে অক্ষয় লিখেছেন, “দশজনের পাল্লা নেব, শুধু একটু অপেক্ষা করুন… মজা শুরু হোক! আগামী ১০ এপ্রিল মুক্তি পাবে এই ছবি।”

প্রকাশের পরই সামাজিক মাধ্যমে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন অনুরাগীরা। কেউ লিখেছেন, “অক্ষয় স্যার, আমরা আর অপেক্ষা করতে পারছি না যে,” আবার কেউ মন্তব্য করেছেন, “যাক শেষমেশ আসল অক্ষয় আবার পর্দায় ফায়ার এলেন পর্দায়!” সব মিলিয়ে ছবির প্রতীক্ষা যে তুঙ্গে, তা বলাই বাহুল্য।
এই ছবিকে ঘিরে আলোচনার বড় কারণ অবশ্যই অক্ষয়-প্রিয়দর্শন জুটির ইতিহাস। তাঁদের আগের সহযোগিতায় তৈরি হয়েছে একাধিক কালজয়ী কমেডি। ফলে দর্শকদের প্রত্যাশা, এই ছবিতেও ফিরবে সেই পাগলামির আঁচে ভরা হাস্যরস আর নস্টালজিক ম্যাজিক।
‘ভূত বাংলা’ ছবিতে অভিনয় করেছেন অক্ষয় কুমারের পাশাপাশি ওয়ামিকা গাব্বি, পরেশ রাওয়াল, তাবু, রাজপাল যাদব, মিথিলা পালকর এবং প্রয়াত আসরানি। ছবিটি পরিচালনা করেছেন প্রিয়দর্শন। প্রযোজনায় রয়েছেন অক্ষয় কুমার, শোভা কাপুর এবং একতা কাপুর।
&t=313s
আগামী ১০ এপ্রিলে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ভূত বাংলা’।
