২৯ মার্চ 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের শুটিংয়ে গিয়ে তালসারিতে সমুদ্রে তলিয়ে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। তারপর থেকে তোলপাড় টলিউড। রাহুলের শেষকৃত্য থেকে ৭ এপ্রিল টলিউডে হওয়া বৈঠকে গরহাজির ছিলেন জিৎ। এদিন তাঁকে দেখা গেল অভিনেতার বাড়িতে। 

১০ এপ্রিল, শুক্রবার রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান জিৎ। সেখানে গিয়ে তিনি অভিনেতার মায়ের সঙ্গে কথা বলেন। দীর্ঘ সময় আলোচনা করেন। সেই মুহূর্তের ছবি, ভিডিও এদিন প্রকাশ্যে এসেছে। 

প্রসঙ্গত, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর কাজ করতে গিয়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এরপর ৭ এপ্রিল টলিউডে বৈঠক ডাকা হয়। সেখানে ফেডারেশন, আর্টিস্ট ফোরাম, ইম্পার সদস্যরা উপস্থিত ছিল। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় ইন্স্যুরেন্সের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের প্রযোজনা সংস্থাকে ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সকে ব্যান করা হয়। পাশাপাশি অরগ্যানিক প্রযোজনা সংস্থাকেও ব্যান করা হয়। সেই বৈঠকে দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিক, ঋতুপর্ণা সেনগুপ্ত, স্বরূপ বিশ্বাস, প্রমুখ উপস্থিত থাকলেও জিৎকে দেখা যায়নি। এদিন তিনি আলাদা রাহুলের বাড়িতে যান তাঁর মায়ের সঙ্গে কথা বলতে। 

https://www.facebook.com/share/1E86AXjahK/

প্রসঙ্গত জিৎকে আগামীতে 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত' ছবিতে দেখা যাবে। সেখানে তাঁকে অনন্ত সিংহের ভূমিকায় দেখা যাবে। ইতিমধ্যেই এই ছবির টিজার, অভিনেতার চরিত্রের বিভিন্ন ঝলক দেখা গিয়েছে। ছবিটিতে জিতের পাশাপাশি থাকবেন টোটা রায়চৌধুরীও। 

অন্যদিকে রাহুলের মৃত্যুর পর সেই শোক বুকে নিয়েই কাজে ফিরতে চলেছেন প্রিয়াঙ্কা সরকারও। আলাদা আলাদা মানুষের জীবন সংগ্রামের গল্পকে এক সুতোয় গাঁথতে আসছে নতুন এক বাংলা ছবি। নাম, 'অনুমানের ভিত্তিতে'। পরিচালনায় অভিজ্ঞান মুখোপাধ্যায়। এই ছবিতেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। সূত্রের খবর, তাঁর বিপরীতে দেখা যেতে পারে অভিনেতা জন ভট্টাচার্যকে। অসমপ্রেম, বন্ধুত্বের ছবি ফুটে উঠবে গল্পে। তবে এই ছবির শুটিং এখনই শুরু করছেন না প্রিয়াঙ্কা। তবে খুব তাড়াতাড়িই লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে ফিরতে চলেছেন তিনি।