দু'দশকেরও বেশি সময় আগের কথা। রবিবারের ড্রয়িং রুমের আমেজ বদলে যেত একটি হাসিমুখের উপস্থিতিতে। মৃদু হাসি, মার্জিত কণ্ঠ আর অসাধারণ বাচনভঙ্গিতে ফারুক শেখ যখন বলতেন—“জিনা ইসি কা নাম হ্যায়”, তখন ভারতের বিনোদন জগতের নক্ষত্ররা নিজেদের খোলস ছেড়ে বেরিয়ে আসতেন সাধারণ মানুষের মতো। সেই নিখাদ গল্প, না-বলা কথা আর নস্টালজিয়ার ম্যাজিক আবারও ফিরতে চলেছে ওটিটি-র পর্দায়। তবে এবার প্রয়াত ফারুক শেখের সেই ঐতিহাসিক শো-এর ব্যাটন নিজের হাতে তুলে নিতে চলেছেন অভিনেতা আর মাধবন!

​জিফাইভ-এর নতুন কনটেন্ট স্লেটে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে 'জিনা ইসি কা নাম হ্যায় ২.০'। নতুন যুগে, নতুন প্ল্যাটফর্মে এই কাল্ট শো-টিকে ফিরিয়ে আনা কেবল একটি সম্প্রচার নয়, বরং ভারতীয় টেলিভিশনের ইতিহাসকে নতুন করে ছুঁয়ে দেখার এক আবেগঘন প্রয়াস।

​সামাজিক মাধ্যমের এই অতি-সক্রিয় যুগে কেন এই শো আজও সমান প্রাসঙ্গিক? মাধবনের নিজের মুখেই পাওয়া গেল সেই উত্তর। তিনি বললেন, "আজ আমরা যাদের চিনি বা পছন্দ করি, তাদের প্রতিটা মুহূর্তের খবর আমাদের কাছে থাকে। তারা কোথায় যাচ্ছেন, কী খাচ্ছেন, কী পোস্ট করছেন—সবই দেখা যায়। কিন্তু তারা মানুষ হিসেবে কেমন, তা আমরা কজন জানি? ফারুক শেখের পরিচালনায় এই শো-টি গ্ল্যামারের চকচকে আলোর পেছনে থাকা সত্যিকারের মানুষটাকে খুঁজে বার করত।"

​মাধবন আরও যোগ করেন, "ফারুক সাহেব যে ঐতিহ্য তৈরি করে গেছেন, তা এগিয়ে নিয়ে যাওয়া আমার জন্য যেমন সম্মানের, তেমনই এক বিরাট দায়িত্ব। 'জিনা ইসি কা নাম হ্যায় ২.০'-র মূল ভাবনা একই থাকবে, তবে আজকের দর্শক যেভাবে দেখতে চান, গল্পগুলো সাজানো হবে সেই আধুনিক অনুভূতির মোড়কে।"


তবে এবারের সিজনে কেবল বিনোদন দুনিয়ার তারকাদেরই দেখা যাবে না! মাধবন ইঙ্গিত দিয়েছেন, এই সিজনে এমন সব ভারতীয় আইকনদের আনা হবে যারা বিশ্বমঞ্চে ভারতের নাম উজ্জ্বল করেছেন। তাঁদের জীবনের সাফল্য, ব্যর্থতা, গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং না-বলা জীবনের মোড়গুলোই উঠে আসবে এই নতুন অধ্যায়ে।
​জি-ফাইভের তরফে জানানো হয়েছে, ফারুক শেখের সেই কালজয়ী আন্তরিকতাকে ধরে রেখে আজকের যুগের 'ট্রেইলব্লেজার'দের গল্প শোনাবে এই শো। তবে ঠিক কোন তারিখ থেকে স্ট্রিম করা যাবে 'জিনা ইসি কা নাম হ্যায় ২.০', তা এখনও প্রকাশ্যে আনা হয়নি। কিন্তু মাধবনের নতুন সফর দেখার জন্য যে সিনেমাপ্রেমীদের তর সইছে না, তা বলাই বাহুল্য!