'ধুরন্ধর' ছবির একাধিক গান গেয়ে বর্তমানে চর্চায় রয়েছেন গায়িকা জ্যাসমিন সান্ডলাস। সম্প্রতি এদিন এক অভিনব উপায় তাঁর বাগদানের ঘোষণা করলেন। না, সমাজমাধ্যমে ছবি পোস্ট করে নয়। তবে? ভরা মঞ্চে, কনসার্ট চলাকালীন এই অনুষ্ঠানে ঘোষণা করেন তিনি। 

বর্তমানে জ্যাসমিন সান্ডলাসের 'দ্য ড্রিম গার্ল ইন্ডিয়া' ট্যুর চলছে। তারই দিল্লি কনসার্টে পারফর্ম করতে করতেই গায়িকা জানালেন তাঁর বাগদান হয়ে গিয়েছে। শুধু তাই নয়, তিনি তাঁর এনগেজমেন্ট রিং সকলকে দেখান। বাগদান হয়ে যাওয়ার ঘোষণা করার সময় উচ্ছ্বাসে ফেটে পড়েন তিনি। আলাপ করিয়ে দেন ফিয়ন্সের সঙ্গেও। 

প্রসঙ্গত, জ্যাসমিন তাঁর ব্যক্তিগত জীবন লাইমলাইটের আড়ালেই রাখতে ভালবাসেন। তবে দিল্লি কনসার্টে একেবারেই ব্যতিক্রম ঘটনা ঘটালেন। অনুরাগীদের সারপ্রাইজ দিয়ে জানালেন তাঁর বাগদান হয়ে গিয়েছে। সেই কথা শোনামাত্রই চিৎকার, উচ্ছ্বাসে ফেটে পড়ে দর্শকরা। তখন গায়িকা তাঁর ফিয়ন্সে শেখর চৌধুরীকে মঞ্চে ডাকেন। তাঁর সঙ্গে গোটা দুনিয়ার আলাপ করিয়ে দেন। জ্যাসমিন বলেন, 'এই যে আমার মনের মানুষ।' তারপরই হাত তুলে তাঁর বাগদানের আংটিটি দেখান। বাগদানের ঘোষণা করেই মঞ্চে আনন্দে লাফিয়ে ওঠেন, নাচেন মনের মানুষের সঙ্গে। জড়িয়ে ধরেন একে অন্যকে। জ্যাসমিনকে দেখেই বোঝা যাচ্ছিল, তিনি ঠিক কতটা খুশি। তাঁদের দু'জনকে একসঙ্গে এভাবে দেখে মুগ্ধ তাঁর অনুরাগীরাও। জ্যাসমিনের এই শোয়ের ভিডিও বর্তমানে ভাইরাল। 

এদিন জ্যাসমিন যখন শেখরের সঙ্গে সকলের আলাপ করিয়ে দেন নেপথ্যে বাজতে থাকে তাঁরই গান 'লাভান'। তাতেই নাচ করেন তাঁরা। 

এদিন জ্যাসমিনের বাগদানের ঘোষণার ভিডিওতে বহু মানুষ মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'ঘোষণা করার টেকনিক একেবারে হাটকে। আলাদাই!' কেউ আবার লেখেন, 'কী দুর্দান্ত খবর। খুব খুশি আপনাদের জন্য।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'কী! আপনার বাগদান হয়ে গিয়েছে!' 

প্রসঙ্গত, জ্যাসমিন সান্ডলাস বিগত কয়েক বছর ধরে একাধিক হিট গান উপহার দিয়েছেন। তালিকায় আছে 'কিক' ছবির 'ইয়ার না মিলে' থেকে 'ধুরন্ধর' ছবির টাইটেল ট্র্যাক, 'যাইয়ে সাজনা', 'শারারাত' সহ একাধিক গান। 

অতীতে জ্যাসমিন এবং শেখরকে একাধিকবার একত্রে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে। কিন্তু তিনি কখনই বুঝতে দেননি শেখর তাঁর মনের মানুষ। এদিন মনের মানুষের সঙ্গে আলাপ করালেও শেখর চৌধুরী কী করেন সেটা জানাননি। ফলে জ্যাসমিনের ফিয়ন্সের পেশা থেকে শিক্ষাগত যোগ্যতা, বা পরিবার সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি।