বলিউডের অন্দরে সলমন খানের সঙ্গে ইউলিয়া ভান্তুরের সম্পর্ক নিয়ে গুঞ্জনের শেষ নেই। যদিও নিজেদের সম্পর্কের কথা কখনওই প্রকাশ্যে স্বীকার করেননি এই দুই তারকা। তবে সলমনের পরিবারের সঙ্গে ইউলিয়ার ঘনিষ্ঠতা বারবারই নজর কেড়েছে নেটিজেনদের। সম্প্রতি আন্তর্জাতিক নারী দিবসে সেই বিশেষ সম্পর্কের এক ঝলক আবারও সামনে এল। সলমনের পরিবারের মহিলা সদস্যদের সঙ্গে সুন্দর মুহূর্তের কিছু অদেখা ছবি সমাজমাধ্যমে ভাগ করেছেন রোমানিয়ান এই সুন্দরী।

ইউলিয়া তাঁর ইনস্টাগ্রামে সলমনের মা সালমা খান, কিংবদন্তি অভিনেত্রী হেলেন এবং সলমনের ভাগ্নি আয়াত শর্মার সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। সেই সঙ্গে নিজের মায়ের ছবিও ভাগ করেছেন তিনি। ছবিগুলোর নিচে আবেগঘন এক বার্তায় ইউলিয়া লিখেছেন, 'প্রতিটি শক্তিশালী মানুষের পিছনে থাকে একজন তার চেয়েও শক্তিশালী নারী, যিনি তাকে গড়ে তুলেছেন। আমি নিজেকে একজন ভাগ্যবতী মেয়ে বলে মনে করি। আমি তাদের কাছ থেকেই সাহস, মমতা, সহানুভূতি এবং শক্তির শিক্ষা পেয়েছি।'


ওই পোস্টের প্রথম ছবিতে দেখা যায়, ইউলিয়া অত্যন্ত আদরের সঙ্গে সালমা খানের পাশে বসে হাসিমুখে পোজ দিচ্ছেন। অন্য একটি ছবিতে তাঁকে দেখা যায় ছোট্ট আয়াত এবং প্রবীণ অভিনেত্রী হেলেনের সঙ্গে। জীবনের কঠিন সময়ে এই নারীরাই তাঁকে পথ দেখিয়েছেন বলে জানান ইউলিয়া। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনরা মনে করছেন তবে কি ইউলিয়াকে হবু পুত্রবধূ হিসেবে স্বীকৃতি দিলেন সলমনের পরিবার? গুঞ্জন রটেছে নেটপাড়ায়।

দীর্ঘদিন ধরে 'ভাইজান'-এর সঙ্গে ইউলিয়ার বিয়ের খবর শোনা গেলেও তাঁরা নিজেদের কেবল ভাল বন্ধু হিসেবেই পরিচয় দিয়ে আসছেন। তবে সলমনের প্রায় প্রতিটি পারিবারিক অনুষ্ঠানেই ইউলিয়ার উপস্থিতি বাধ্যতামূলক। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইউলিয়া জানিয়েছিলেন, সলমন তাঁকে সবসময় নিজের সত্তা বজায় রাখার পরামর্শ দেন। সলমনের থেকে পাওয়া সেরা উপদেশের কথা বলতে গিয়ে তিনি বলেন, "সলমন আমাকে সবসময় বলেছেন—কখনও অতি লোক দেখানোর জন্য কিছু করো না, শুধু নিজের মতো থাকো। ক্যামেরার সামনে নিজের সততা বজায় রাখলে মানুষ এমনই তোমাকে ভালবাসবে।"

বলিউড সুপারস্টারের সঙ্গে ভবিষ্যতে কোনও কাজ করবেন কি না, এমন প্রশ্নে ইউলিয়া হেসে 'না' বলে দেন। তিনি জানান, সলমনের ৩৬ বছরের কেরিয়ার এবং তাঁর তৈরি করা সাম্রাজ্যের প্রতি তাঁর অগাধ শ্রদ্ধা রয়েছে। তবে তিনি কারওর সাহায্যের ওপর ভিত্তি করে নিজের পরিচয় গড়তে চান না। নিজের মেধা এবং পরিশ্রম দিয়েই বলিউডে নিজের জায়গা করে নিতে আগ্রহী তিনি।