আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...

অরিজিতের জিয়াগঞ্জের বাড়ি ঘুরে মুগ্ধ ইউলিয়া ভান্তুর 

বহুদিন ধরে সলমন খানের সঙ্গে সম্পর্কের গুঞ্জন ইউলিয়া ভান্তুরের। ইউলিয়াই সলমনের জীবনসঙ্গিনী হতে পারেন, এমন কানাঘুষোও শোনা যায়। যদিও সেসব নিয়ে কখনও মুখ খোলেননি ভাইজান। তবে শুধু সলমনের চর্চিত প্রেমিকাই নয়, ইউলিয়ার আরও পরিচয় হল তিনি রোমানিয়ান গায়িকা ও অভিনেত্রী। অরিজিৎ সিং-এর সঙ্গে কাজ করেছেন ইউলিয়া। বাংলার গায়কের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, একটি গানের রেকর্ডিংয়ের সময় অরিজিতের মুর্শিদাবাদের জিয়াগঞ্জের বাড়ি ও গ্রাম ঘুরে দেখার সুযোগ পান। সেখানে গিয়ে তিনি গ্রামের শান্ত পরিবেশ, ছোট দোকান, দর্জি ও স্থানীয় মানুষের জীবনযাপন দেখে মুগ্ধ হন। ইউলিয়া বলেন, “অরিজিতের গ্রাম যেন তাঁর নিজের তৈরি এক আলাদা জগৎ। সেখানে সঙ্গীত, মানুষ ও সম্প্রদায়ের প্রতি ভালোবাসাই সবচেয়ে বড় বিষয়।” অরিজিতের সহজ ও আন্তরিক ব্যবহারও ইউলিয়ার মন ছুঁয়ে গিয়েছে।

বিয়েবাড়িতে একসঙ্গে বিজয়-তৃষা

অভিনেতা থলপতি বিজয়ের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনেছেন স্ত্রী সঙ্গীতা সুরলিঙ্গম। ইতিমধ্যেই বিবাহবিচ্ছেদ আবেদন করে পিটিশন জমা দিয়েছেন সঙ্গীতা। পিটিশনে বিজয়ের বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা উল্লেখ করেছেন।বিজয়ের পরকীয়া সম্পর্কের গুঞ্জনে নাম উঠে এসেছে দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণানের। যদিও সঙ্গীতা তাঁর অভিযোগপত্রে কারও নাম নেননি। তবে গুঞ্জন, সহ-অভিনেত্রীর তৃষার সঙ্গেই পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন বিজয়। আর এরই মাঝে সম্প্রতি চেন্নাইয়ে প্রযোজক কালপাথি সুরেশের ছেলের বিয়ের সংবর্ধনায় একসঙ্গে উপস্থিত হন বিজয় ও তৃষা। যা নিয়ে সঙ্গীতার অভিযোগের প্রেক্ষিতে চর্চা তুঙ্গে। অনুষ্ঠানে দু’জনকে একসঙ্গে গাড়ি থেকে নামতে ও নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে দেখা যায়। তাঁদের এই উপস্থিতির ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে, যা ঘিরে আবারও বিজয়ের বিবাহ-বর্হিভূত সম্পর্কের অভিযোগ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

ভারতের সেমিফাইনাল দেখতে মাঠে রাহা

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত। টানটান ম্যাচে সাত রানে ইংল্যান্ডকে হারিয়ে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনালের টিকিট পাকা করল ভারতীয় দল। বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেই ম্যাচ দেখতে মেয়ে রাহাকে নিয়ে হাজির হন আলিয়া ভাট ও রণবীর কাপুর। ভারত ও ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচে গ্যালারি থেকে টিম ইন্ডিয়াকে উৎসাহ দিতে দেখা যায় তাঁদের। একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে. ছোট্ট রাহাও বাবা–মায়ের সঙ্গে হাততালি দিয়ে ভারতের জয় উপভোগ করছে। কাপুর পরিবারের এই মিষ্টি মুহূর্ত ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। ভক্তদের মন জিতে নেয় ছোট্ট রাহা। এদিন ম্যাচ দেখতে আরও অনেক বলিউড তারকাকে স্টেডিয়ামে দেখা গিয়েছে।