বিগত প্রায় এক বছর ধরে সম্পর্কে ছিলেন তাঁরা। আজকালকার ভাষায় 'লো-কি' সম্পর্ক অর্থাৎ বিশেষ দেখনদারি না থাকলেও দু'জনে চুটিয়ে প্রেমটা করছিলেন। কিন্তু একি! বছর ঘুরতে না ঘুরতেই সেই সম্পর্কে দাঁড়ি টানলেন দু'জনেই। কথা হচ্ছে বলিউড অভিনেত্রী সানিয়া মালহোত্রা এবং জনপ্রিয় সেতার বাদক ঋষভ রিখিরাম শর্মার।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে, এই দুই তারকার ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, ঋষভ এবং সানিয়ার বিচ্ছেদ হয়েছে। তাঁরা আর সম্পর্কে নেই। শুধু তাই নয়, এই কথাকে যেন সিলমোহর দিল সমাজমাধ্যম। ইনস্টাগ্রামে একে অন্যকে আনফলো করে দিয়েছেন সানিয়া মালহোত্রা এবং ঋষভ রিখিরাম শর্মা।
কিন্তু কেন হঠাৎ সম্পর্কে দাঁড়ি টানলেন এই তারকা জুটি? জানা গিয়েছে, ঋষভ বর্তমানে অন্য একজনের সঙ্গে সম্পর্কে রয়েছেন। অনুমান করা হচ্ছে, সেতার বাদকের সেই নতুন সম্পর্কের জন্যই বিচ্ছেদ ঘটেছে তাঁদের। তবে বিচ্ছেদ প্রসঙ্গে তাঁরা কেউই আনুষ্ঠানিক ভাবে মুখ খোলেননি। বরং উল্টে সানিয়া আপাতত তাঁর আগামী ছবির কাজ নিয়ে ব্যস্ত। শুটিং, প্রচারে মন দিয়েছেন। রয়েছে তাঁর নাচ।
২০২৫ সালের গোড়ার দিকে এই সম্পর্কে জড়ান তাঁরা। তাঁদের একটি ইভেন্ট থেকে আলাদা আলাদা বেরোতে দেখা গিয়েছিল। এমনকী কখনই তাঁদের একসঙ্গে কোথাও দেখা যায়নি। আজকালকার ভাষায় 'হার্ড লঞ্চ' করেননি কেউই তাঁদের এই সম্পর্কের কথা। নীরবে প্রেমে পড়েছিলেন, প্রেম করছিলেন, নীরবেই সেই সম্পর্ক থেকে বেরিয়ে এলেন দু'জনে।
সানিয়া মালহোত্রা 'দঙ্গল' ছবিতে প্রথম নজর কাড়েন। এরপর ক্রমে ক্রমে 'জাওয়ান', 'কাঁঠাল', 'ঠগ', 'স্যাম বাহাদুর', 'বাধাই হো', ইত্যাদির মতো ছবিতে কাজ করেছেন। তবে তাঁর কাজ সবথেকে বেশি চর্চায় থেকেছে 'মিসেস' ছবিটির জন্য।















