আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...
মিথ্যে যৌন হেনস্থার মামলায় ফাঁসানো হচ্ছে দাবি রণজিতের
মালয়লি চিত্রনির্মাতা রণজিৎ বালাকৃষ্ণনের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। মঙ্গলবার তাঁকে গ্রেফতার করা হয়। এদিন একই সঙ্গে তাঁর ১৪ দিনের কাস্টডি হয়েছে। জানা গিয়েছে ফিল্ম এমপ্লইস ফেডারেশন অফ কেরল তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। তাঁর সদস্যপদ সাসপেন্ড করে দেওয়ার কথা বলা হয়েছে পরিচালক এবং লেখকদের ইউনিয়নকে। যদিও পরিচালক দাবি করেছেন যে তিনি নির্দোষ। তাঁকে মিথ্যে এই মামলায় ফাঁসানো হয়েছে। বর্তমানে কোচির একটি জেলে রাখা হয়েছে তাঁকে। আদালত থেকে জেলে যাওয়ার সময়ই রণজিৎ সাংবাদিকদের জানান তিনি প্রমাণ করে দেবেন যে তিনি নির্দোষ। এক অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে এদিন তাঁকে গ্রেফতার করা হয়।
ভারতীয় বক্স অফিসে ১০০০ কোটির দোরগোড়ায় 'ধুরন্ধর ২'!
'ধুরন্ধর ২' ছবিটির আয় যেন বিন্দুমাত্র শ্লথ হচ্ছে না। দুর্দমনীয় গতিতে ছুটে চলেছে। মার্চ ১৯ -এ মুক্তি পাওয়া ছবিটি ভারতীয় বক্স অফিসে প্রায় ১০০০ কোটি টাকার দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। ১৪ দিনের মধ্যেই ৯০০ কোটি টপকে মোট ৯১৯ কোটি ৮২ লাখ টাকা আয় করেছে নেট। আর গ্রসে সেই সংখ্যাটা ১১০১ কোটি ২৪ লাখ। ১৪ তম দিনে বক্স অফিসে 'ধুরন্ধর ২' ১৯ কোটি ৯০ লাখ টাকা আয় করেছে। ইতিমধ্যেই রণবীর সিংয়ের ছবিটি 'কেজিএফ চ্যাপ্টার ৩', 'আরআরআর', 'কল্কি ২৮৯৮ এডি', ইত্যাদিকে টপকে গিয়েছে। এবার পালা 'বাহুবলী ২' -এর। প্রসঙ্গত, আদিত্য ধর পরিচালিত 'ধুরন্ধর ২' ছবিটিতে মুখ্য ভূমিকায় আছেন রণবীর সিং, সারা অর্জুন, অর্জুন রামপাল, আর মাধবন, প্রমুখ।
পুলিশের স্টিকার গাড়িতে! বিতর্ক উস্কাতে কী জবাব রোহিতের টিমের?
রোহিত শেট্টি তাঁর ব্যক্তিগত গাড়িতে নাকি বেআইনি ভাবে পুলিশের স্টিকার ব্যবহার করছেন। শুধু তাই নয়, আলোও। সম্প্রতি এমনই একটি রিপোর্ট প্রকাশ্যে আসায় বিতর্ক দানা বেঁধেছে। এবার তার জবাব দিল 'সিংঘম' ফ্র্যাঞ্চাইজির পরিচালকের টিম। তাঁদের তরফে জানানো হয়েছে পরিচালকের বাড়ির সামনে হামলা হওয়ার পর নিরাপত্তার স্বার্থে এই স্টিকারগুলো সাময়িক ভাবে ব্যবহার করা হয়েছিল। রিপোর্টে দাবি করা হয় রোহিত শেট্টির দুটো গাড়িতে এমন পুলিশের স্টিকার এবং আলো লাগানো আছে যা ১৯৮৮ সালের মোটর ভেহিকেল আইনের লঙ্ঘন করছে।
















