আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...

 

দীপিকার পতিবর্তে ক্যাটরিনা? 

দীপিকা পাড়ুকোনের ‘স্পিরিট’ থেকে সরে দাঁড়ানোর পর থেকেই ছবির কাস্টিং নিয়ে জোর জল্পনা চলছে। সূত্রের খবর, পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই বহুচর্চিত ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য ক্যাটরিনা কাইফের সঙ্গে আলোচনা চলছে। তবে এখনও পর্যন্ত নির্মাতাদের পক্ষ থেকে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ‘স্পিরিট’-এ মুখ্য ভূমিকায় রয়েছেন প্রভাস, আর তাঁর বিপরীতে দেখা যাবে তৃপ্তি ডিমরিকে। যদি শেষ পর্যন্ত ক্যাটরিনা এই প্রস্তাবে সম্মতি দেন, তবে দীর্ঘদিন পর তাঁকে বড় বাজেটের দক্ষিণী ছবিতে দেখা যাবে। 

টাকার লোভেই অভিনয় করতে আসা: রকুলপ্রীত

অভিনয়ে আসার কোনও পরিকল্পনাই ছিল না রকুল প্রীত সিংয়ের। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, কলেজে পড়ার সময় হঠাৎ করেই একটি ছবির প্রস্তাব পান। সেই ছবির জন্য তাঁকে ৫ লক্ষ টাকা পারিশ্রমিক দেওয়ার কথা হয়। এত বড় অঙ্কের টাকা পাওয়ার লোভেই তিনি অভিনয়ে রাজি হন। রকুলের কথায়, বন্ধুদের মধ্যে প্রথম গাড়ি কেনার স্বপ্ন ছিল তাঁর। তাই সেই টাকায় গাড়ি কেনার উদ্দেশ্যেই ছবিতে অভিনয় করেছিলেন। কিন্তু সেই একটি সিদ্ধান্তই তাঁর জীবন বদলে দেয়। এরপর একের পর এক সুযোগ এসে যায়, আর ধীরে ধীরে দক্ষিণী সিনেমা থেকে বলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই নিজের জায়গা পাকা করে নেন রকুলপ্রীত 


আমির-কন্যা ইরা কেন চুপ ছাত্র আন্দোলন নিয়ে? 


আমির খান সম্প্রতি ছাত্র আন্দোলন নিয়ে প্রকাশ্যে নিজের মতামত জানালেও, তাঁর মেয়ে ইরা খান কেন এতদিন নীরব ছিলেন, সেই প্রশ্ন উঠেছিল সমাজমাধ্যমে। এবার সেই জল্পনারই জবাব দিলেন ইরা। তিনি জানান, ইচ্ছাকৃতভাবে চুপ ছিলেন না। বরং তাঁর মনে হয়েছিল, এই বিষয় নিয়ে নতুন করে বলার মতো কোনও গুরুত্বপূর্ণ কথা তাঁর কাছে নেই। তাই শুধুমাত্র বক্তব্য দেওয়ার জন্য তিনি কিছু বলতে চাননি। ইরা বলেন, যাঁরা আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত, তাঁদের কণ্ঠস্বরই সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত। নিজের মত প্রকাশের আগে তিনি সবদিক বুঝে নেওয়াকেই প্রাধান্য দেন। ইরার এই মন্তব্য সমাজমাধ্যমে ইতিমধ্যেই আলোচনার বিষয় হয়ে উঠেছে। কেউ তাঁর সংযমের প্রশংসা করেছেন, আবার কেউ মনে করছেন, জনসমক্ষে পরিচিত ব্যক্তিত্বদের গুরুত্বপূর্ণ সামাজিক ইস্যুতে আরও স্পষ্ট অবস্থান নেওয়া উচিত।