'পরিণীতা' ধারাবাহিকের গল্প বর্তমানে অনিরুদ্ধ এবং পৌষালীর বিয়েকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। আর তার মাঝেই এদিন ইঙ্গিতবহ পোস্ট ভাগ করে নিলেন ইন্দ্রজিৎ মজুমদার অর্থাৎ গল্পের অনিরুদ্ধ। তবে কি এই ধারাবাহিকে শেষ হচ্ছে তাঁর সফর? কী জানালেন? 

এদিন সমাজমাধ্যমের পাতায় ইন্দ্রজিৎ টিম 'পরিণীতা'কে ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, 'টিম পরিণীতার অংশ হতে পারা সত্যিই অত্যন্ত গর্বের এবং খুশির। ধন্যবাদ জি বাংলা এবং পরিণীতার গোটা টিমকে। বিশেষ করে কৃষানু গঙ্গোপাধ্যায়কে, যাঁকে ছাড়া অনিরুদ্ধ কোনও দিন সম্ভব হতো না। এবং সহেলি গোস্বামীকে ধন্যবাদ সেদিন ফোন করে আমায় এই চরিত্র অফার করার জন্য। বিশেষ ভাবে উল্লেখ করব আমাদের পরিচালক কৃষের কথা, যাঁর অভিনব অ্যাঙ্গেল এবং ফ্রেম বাস্তবে ফুটে ওঠে বিট্টু দার লেন্সের মাধ্যমে।' 

তিনি এদিন তাঁর পোস্টে ধন্যবাদ জানান তাঁর ডিওপি থেকে শুরু করে নায়ক রায়ান অর্থাৎ উদয় প্রতাপ সিং, রিয়াজ লস্কর, সৌমিলী ঘোষ বিশ্বাস, প্রমুখকে। তিনি তাঁর পোস্টের শেষে লেখেন, 'সবটাই শেষ পর্যন্ত জড়িয়ে ধরা এবং স্মৃতির যা তুমি ভালবাসো। আর পরিশেষে, দর্শক এবং অনিরুদ্ধর জন্য তাঁদের নিঃস্বার্থ ভালবাসা। ঈশ্বর সবাইকে ভাল রাখুন। সবাইকে অনেক ভালবাসা।' 

ইন্দ্রজিৎ মজুমদারের এই পোস্ট দেখেই জল্পনা শুরু হয়, তবে কি এই ধারাবাহিক তিনি ছেড়ে দিচ্ছেন বা তাঁর চরিত্র শেষ হয়ে যাচ্ছে? জল্পনা রটতেই অভিনেতা নিজেই জানান এমন কিছু ঘটছে না। বরং তিনি এই ধারাবাহিকে এখনও আছেন। থাকবেন। তিনি স্রেফ এই পোস্টের মাধ্যমে সকলকে ধন্যবাদ জানালেন। 

প্রসঙ্গত, চলতি সপ্তাহে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে 'পরিণীতা'। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৬। এখানে বর্তমানে পৌষালী এবং অনিরুদ্ধর বিয়ের পাশাপাশি রায়ান এবং পারুলের ডিভোর্সের প্রসঙ্গ দেখানো হচ্ছে, যেখানে আদালতের তরফে ডিভোর্সের আগে তাঁদের একসঙ্গে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এতেই মাথায় বাজ পড়েছে তাদের। একসঙ্গে থাকতে গিয়ে কি এবার একে অপরকে মনের কথা বলে ফেলবে? এই উত্তরের অপেক্ষায় দর্শক।

বিরাট চমক আসতে চলেছে জি বাংলার ধারাবাহিক 'পরিণীতা'য়। রুক্মিণীর জীবনে মনের মানুষ আসতে চলেছে। রায়ানের দিদি রুক্মিণী ওরফে রুকু। তার বিয়ে হয়েছিল পারুলের দাদা গোপালের সঙ্গে। কিন্তু ক'দিন আগেই গল্পে গোপালের মৃত্যু দেখানো হয়। রুকুর জীবনে হঠাৎ এই ধাক্কা যেন দর্শকের মনে এসেও লেগেছিল। গোপাল মারা যেতে একাই ছিল রুকু‌। তবে এবার তার জীবনে আসতে চলেছে নতুন কেউ। যে এসে রুকুকে ভালবাসার নতুন অধ্যায় শেখাবে। আবারও খুশিতে ভরে উঠবে রুকুর জীবন। ইতিমধ্যেই গল্পে দেখানো হয়েছে সেই নতুন চরিত্রের ঝলক। রুকুর মনের মানুষের চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেতা অনিরুদ্ধ গুপ্তকে।