টলিউডের বিখ্যাত কম্পোজার ইন্দ্রদীপ দাশগুপ্তের সঙ্গে কি ফের আরও একবার জুটি বাঁধতে চলেছেন অরিজিৎ সিং? সূত্র বলছে, সব কিছু ঠিকঠাক চললে আগামী কিছু দিনের মধ্যেই টলিউডের এই বিখ্যাত সুরকারের গান আরও একবার গাইতে চলেছেন অরিজিৎ সিং।
সম্প্রতি নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা জানিয়ে অরিজিৎ সিং সমাজমাধ্যমের পাতায় সকলকে চমকে দিয়ে ঘোষণা করেন যে তিনি আর নতুন কোনও প্রজেক্টে প্লেব্যাক করবেন না। এই ঘোষণার পরই অরিজিতের কোটি কোটি ভক্তরা রীতিমত ভেঙে পড়ে।
তবে গায়কের এই ঘোষণার কিছু দিনের মধ্যেই বলিউডের 'মিস্টার পারফেকশনেস্ট' তথা আমির খান প্রায় তিন দিন বহরমপুর থেকে, জিয়াগঞ্জে অরিজিৎ সিংয়ের বাড়িতে গিয়ে তাঁর নিজের প্রযোজনা সংস্থার পরবর্তী একটি সিনেমার গান রেকর্ড করতে অনুরোধ করেন। মুর্শিদাবাদ থেকে ফিরে আমির খান সুখবর দেন। জানান, তাঁর প্রযোজিত 'এক দিন' সিনেমায় গান গাইবেন অরিজিৎ। এর জন্য গায়ককে তিনি সমাজমাধ্যমে ধন্যবাদও জানিয়েছিলেন। এই সিনেমায় আমিরের ছেলে জুনায়েদ খানকে মুখ্য চরিত্রে দেখা যাবে। ছেলের সিনেমার জন্য ভারতের সবথেকে দামি কণ্ঠকেই বেছেছেন আমির।
সূত্রের খবর, এবার অরিজিৎ সিংয়ের সঙ্গে কাজ করার জন্য মুর্শিদাবাদে জিয়াগঞ্জের তাঁর বাড়িতে উপস্থিত হয়েছেন বলিউড এবং টলিউডের বিখ্যাত নায়ক যিশু সেনগুপ্ত এবং সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত।
জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ অরিজিতের বাড়িতে যিশু সেনগুপ্তের আসার খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "আমি শুনেছি যিশু সেনগুপ্ত ইতিমধ্যেই অরিজিতের বাড়িতে এসে উপস্থিত হয়েছেন। তবে তাঁর সঙ্গে আর কে এসেছেন সে বিষয়টি আমার জানা নেই।"
সূত্রের খবর, ইন্দ্রদীপ দাশগুপ্ত এসেছেন যিশু সেনগুপ্তের সঙ্গে। টলিউডে অরিজিৎ এবং ইন্দ্রদীপ দাশগুপ্তর 'কেমিস্ট্রি' দীর্ঘদিন ধরে চর্চার মধ্যে রয়েছে। এর আগে অরিজিৎ সিং ইন্দ্রদীপ দাশগুপ্তের সুরে 'বোঝে না সে বোঝে না', 'এগিয়ে দে'র মতো হিট গান গেয়েছেন।
প্রসঙ্গত অরিজিতের সঙ্গে 'কোলাবোরেশন' করে গান গাওয়ার জন্য এর আগে এড শিরানের মত বিখ্যাত পপ গায়কও মুর্শিদাবাদের জিয়াগঞ্জ এসেছেন।
মুর্শিদাবাদে থেকেই অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে গান রেকর্ড এবং মিক্সিং করার জন্য ইতিমধ্যে অরিজিৎ নিজের বাড়ির কাছে একটি আধুনিক রেকর্ডিং স্টুডিও তৈরি করেছেন। সেখানেই তিনি গান রেকর্ড করেন বলে জানা গিয়েছে।
অরিজিৎ ঘনিষ্ঠ এক ব্যক্তি জানান, যিশু সেনগুপ্ত অভিনীত একটি সিনেমায় ইন্দ্রদীপ দাশগুপ্ত সুর দিচ্ছেন। সেই সিনেমার গানের রেকর্ডিংয়ের জন্যই অরিজিতের বাড়িতে এসেছেন তাঁরা।
