বলিউডে তারকা সন্তানদের নিয়ে বিতর্কের শেষ নেই। 'নেপোটিজম' বা স্বজনপোষণের তির বারবার ধেয়ে আসে তাঁদের দিকে। সাধারণ মানুষের ধারণা, রুপোলি পর্দায় ফিল্মি পরিবারের সন্তানদের পথ অনেক সহজ। কিন্তু এই চেনা ধারণার সম্পূর্ণ উল্টো পিঠটা তুলে ধরেছেন বলিউডের প্রথম সারির পরিচালক ইমতিয়াজ আলি। সম্প্রতি এক সাক্ষাৎকারে 'ইনসাইডার বনাম আউটসাইডার' বিতর্ক নিয়ে অকপট করেন তিনি।

ইমতিয়াজের তাঁর সোজাসাপ্টা দাবি, রণবীর কাপুর বা আলিয়া ভাটের মতো তারকা সন্তানদের আসলে সাধারণের চেয়ে অনেক বেশি কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হয়, যেখানে বহিরাগতদের পথ বেশি সহজ! নিজের মন্তব্যের সপক্ষে যুক্তি দিয়ে ইমতিয়াজ বলেন, চলচ্চিত্র জগতে যাঁরা ছোট থেকে বড় হয়েছেন, তাঁদের মনের ওপর এক অদৃশ্য ও বাড়তি মানসিক চাপ থাকে। তাঁর কথায়, "আমি মনে করি আলিয়া, রণবীর এবং চলচ্চিত্র জগতের আরও অনেক শিল্পী যাঁরা এই ইন্ডাস্ট্রিতেই বড় হয়েছেন, তাঁদের এক বাড়তি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। কারণ তাঁদের ঠিক চারপাশেই আকাশছোঁয়া সাফল্যের বড় বড় উদাহরণ রয়েছে।"  

পরিচালকের মতে, বাইরের জগৎ থেকে আসা মানুষেরা যখন এই গ্ল্যামার দুনিয়ায় পা রাখেন, তাঁদের মাথায় কোনও পারিবারিক ঐতিহ্য বা সুখ্যাতি বজায় রাখার দায় থাকে না।  কিন্তু স্টার কিডদের প্রতি মুহূর্তের লড়াইটা নিজেদের বাবা-মা কিংবা আত্মীয়দের আকাশছোঁয়া সুনামের সঙ্গে। এই মানসিক চাপ তাঁদের তাড়া করে বেড়ায়। সেই নিরিখে ইমতিয়াজ নিজেকে এবং অন্য বহিরাগতদের পথকে অনেকটাই সহজ বলে মনে করেন।

ইমতিয়াজ আলি স্পষ্ট করে দিয়েছেন যে জন্মসূত্রে চলচ্চিত্র পরিবারে বড় হওয়ার কারণে হয়তো প্রথম দুটো ছবিতে সুযোগ পাওয়া সহজ হয়, কিন্তু দর্শকদের ভালবাসা এবং চূড়ান্ত সাফল্য পাওয়ার জন্য খাটতে হয় দ্বিগুণ। রণবীর কাপুর ও আলিয়া ভাটের উদাহরণ টেনে তিনি বলেন, আজকে এই দু'জনকে কেউ শুধুমাত্র 'নেপো কিড' তকমা দিয়ে উড়িয়ে দিতে পারবে না। কারণ তাঁরা নিজেদের অভিনয় দক্ষতা দিয়ে সমস্ত সমালোচনা ও সন্দেহকে ভুল প্রমাণ করেছেন।

 রণবীর একজন অসামান্য অভিনেতা এবং আলিয়াও এতটাই চমৎকার অভিনয় করেন যে, দর্শকরা তাঁদের পর্দায় দেখে কোনও ঈর্ষা প্রকাশ করেন না, বরং তাঁদের আরও বেশি করে দেখতে চান। এই সম্মানটুকু তাঁরা নিজেদের কাজের মাধ্যমেই অর্জন করেছেন। উল্লেখ্য, পরিচালক ইমতিয়াজ আলির হাত ধরেই আলিয়া ও রণবীরের কেরিয়ারের অন্যতম সেরা মাইলফলক তৈরি হয়েছে। আলিয়ার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেওয়া সিনেমা ‘হাইওয়ে’ এবং রণবীরের আইকনিক ছবি ‘রকস্টার’ ও ‘তামাশা’ ইমতিয়াজেরই তৈরি, যা সিনেমা প্রেমীদের কাছে কাল্ট ক্লাসিকের মর্যাদা পেয়েছে।   

বর্তমানে দেশভাগের পটভূমিতে নির্মিত তাঁর আগামী প্রেমের গল্প ‘ম্যায় বাপাস আউঙ্গা’-র মুক্তির প্রস্তুতি নিচ্ছেন ইমতিয়াজ। অন্যদিকে, রণবীর কাপুরকে দেখা যাবে নিতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবিতে এবং আলিয়া ভাট ব্যস্ত যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অ্যাকশন প্যাকড ছবি ‘আলফা’ নিয়ে।