ইমতিয়াজ আলির 'কাল্ট ক্লাসিক' ছবি ‘জব উই মেট’ আজও দর্শকের মনে জায়গা দখল করে আছে। শাহিদ কাপুর এবং করিনা কাপুর খান অভিনীত আদিত্য ও গীতের রসায়ন এখনও মনে থেকে গিয়েছে অনুরাগীদের। এখনও তাঁরা বড়পর্দার অন্যতম শ্রেষ্ঠ রোমান্টিক জুটি হিসেবে গণ্য হন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ইমতিয়াজ আলিকে প্রশ্ন করা হয়েছিল, যদি বর্তমান প্রজন্মের অভিনেতাদের নিয়ে এই ছবির রিমেক করা হয়, তবে তিনি কাদের বেছে নেবেন? এর উত্তরে পরিচালক যে দুটি নাম নিয়েছেন, তা নিয়ে বর্তমানে বলিপাড়ায় জোর চর্চা শুরু হয়েছে।
সাক্ষাৎকারে ইমতিয়াজ আলি জানিয়েছেন, আজকের প্রজন্মের মধ্যে ‘জব উই মেট’-এর আধুনিক সংস্করণের জন্য শর্বরী ওয়াঘ এবং বেদাং রায়না সবথেকে উপযুক্ত হতে পারেন। পরিচালকের মতে, শর্বরীর মধ্যে সেই চঞ্চলতা এবং প্রাণবন্ত ভাব রয়েছে যা 'গীত'-এর চরিত্রের জন্য অপরিহার্য। অন্যদিকে, বেদাং রায়নার মধ্যে তিনি শাহিদ কাপুরের মতো সেই শান্ত অথচ গভীর ব্যক্তিত্ব খুঁজে পেয়েছেন, যা 'আদিত্য কাশ্যপ'-এর চরিত্রের মূল বৈশিষ্ট্য।
ইমতিয়াজ আলির এই মন্তব্যটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই অনুরাগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদল অনুরাগী মনে করছেন, শর্বরী এবং বেদাংয়ের জুটি সত্যিই নতুন কিছু উপহার দিতে পারে। বিশেষ করে বিভিন্ন ছবিতে শর্বরীর সাবলীল অভিনয় এবং ‘জিগরা’ ও ‘দ্য আর্চিস’ ছবিতে বেদাংয়ের স্ক্রিন প্রেজেন্স দর্শকদের মুগ্ধ করেছে। তাঁদের মতে, এই নতুন জুটি পর্দায় নতুন ম্যাজিক তৈরি করার ক্ষমতা রাখে।
এদিকে, ইতিমধ্যেই আগামী ছবিতে বেদাং ও শর্বরীকে নিয়ে কাজ করবেন বলে ঘোষণা করেছিলেন ইমতিয়াজ। পাশাপাশি ওই ছবিতে দিলজিৎ দোসাঞ্জ এবং নাসিরুদ্দিন শাহর নাম ঘোষণা করেছেন তিনি। এই প্রেমের গল্পটির মুক্তির তারিখ হিসেবে ২০২৬ সালের ১২ জুন চূড়ান্ত করা হয়েছে। অ্যাপ্লজ এন্টারটেনমেন্ট, উইন্ডো সিট ফিল্মস এবং মোহিত চৌধুরীর প্রযোজনায় তৈরি হতে চলেছে। তবে ছবির নাম এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। এখান থেকেই দুইয়ে দুইয়ে চার করেছেন নেটিজেনদের। তাঁদের অনেকের মতে, এবার হয়তো 'জব উইং মেট'-এর সিক্যুয়েল নিয়ে আসছেন ইমতিয়াজ। যদিও এই বিষয়ে তুমুল চর্চা চললেও এখনও পর্যন্ত গুঞ্জনে সিলমোহর দেননি পরিচালক।
















