বলিউডের ‘বাদশা’ তিনি। পর্দার রোম্যান্স তো বটেই, বাস্তব জীবনেও শাহরুখ খানের ভদ্রতা, সৌজন্যবোধ এবং নারীদের প্রতি শ্রদ্ধাশীল মানসিকতা বা সোজা কথায় ভদ্রতা বারবার মুগ্ধ করে আমজনতা থেকে সহ-অভিনেতাদের। সম্প্রতি শাহরুখ খানের এমনই এক মন ছুঁয়ে যাওয়া অজানা গল্প শোনালেন অভিনেতা বিজয়ন্ত কোহলি। ‘কুত্তে’, ‘ক্যান্ডি’ বা ‘ওকে জানু’-র মতো প্রজেক্টে অভিনয় করা বিজয়ন্ত জানিয়েছেন, কীভাবে ভোর ৪টের সময় তাঁর মেয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলার আগে শাহরুখ এক অনন্য নজির গড়েছিলেন।

ঘটনাটি ঘটেছিল শাহরুখ খানের মুম্বইয়ের বাংলো ‘মন্নত’-এ, গৌরী খানের জন্মদিনের পার্টিতে। বিজয়ন্ত জানান, তাঁর মেয়ে মায়রা শাহরুখের মস্ত বড় ভক্ত হওয়া সত্ত্বেও পরীক্ষার কারণে ওই পার্টিতে আসতে পারেনি। সম্প্রতি এক  সাক্ষাৎকারে এই প্রসঙ্গে বিজয়ন্ত বলেন, “রাত তখন প্রায় সাড়ে ৩টে। আমি শাহরুখ স্যারকে বললাম যে মায়রা হয়তো এখনও পড়াশোনার জন্য জেগেই আছে। শুনেই তিনি বললেন, ‘আমরা কি ওকে ফেসটাইম (ভিডিও কল) করতে পারি?’ আমি যেই সরাসরি মেয়েকে ফোন করতে যাব, উনি তখনই আমার হাত চেপে ধরলেন। বললেন, ‘কখনও কোনও নারীকে সরাসরি ক্যামেরার সামনে ফোন করবে না। আগে জেনে নাও সে এই মুহূর্তে ভিডিও কলে কথা বলতে স্বচ্ছন্দ বোধ করবে কি না?’”

শাহরুখের এই কথা শুনে বিজয়ন্ত প্রথমে তাঁর স্ত্রী রীনাকে ফোন করেন এবং জানান যে শাহরুখ খান ভিডিও কল করবেন। এরপর ভোর ঠিক ৪টের সময় শাহরুখ নিজে ভিডিও কল করে ওই খুদে ভক্তের সঙ্গে কথা বলেন। অভিভূত বিজয়ন্তর কথায়, “উনি মাঝেমধ্যে এমন সব কাণ্ড করে বসেন যে আপনি ওঁর ভালবাসায় ভেঙে চুরমার হয়ে যাবেন।”

 

 

 


শাহরুখের ব্যক্তিত্বের প্রশংসা করে বিজয়ন্ত আরও বলেন, “যে মানুষই ওঁর সঙ্গে দেখা করে বাড়ি ফেরে, সে-ই ভাবে যে সেই দেড় ঘণ্টা শাহরুখ বুঝি শুধু ওঁর সঙ্গেই কথা বলেছেন। উনি ঘরে উপস্থিত বাকিদের সঙ্গেও কথা বলেন, কিন্তু প্রত্যেককে এতটাই মনোযোগ দেন যে আপনার মনে হবে আপনিই ওঁর কাছে একমাত্র স্পেশাল।”

বিজয়ন্ত কোহলিকে শেষবার দেখা গিয়েছে শাহরুখ-পুত্র আরিয়ান খানের পরিচালনায় ডেবিউ ওয়েব সিরিজ ‘দ্য বাস্টার্ডস অফ বলিউড’-এ। সিরিজের মুখ্যাভিনেতা লক্ষ্যের বাবার ভূমিকায় ছিলেন বিজয়ন্ত। আরিয়ানের পরিচালনায় এই সিরিজটি দর্শক এবং সমালোচক— দুই মহলেই বিপুল প্রশংসা কুড়িয়েছে।

এই সিরিজে লক্ষ্য এবং বিজয়ন্ত ছাড়াও অভিনয় করেছেন ববি দেওল, রাঘব জুয়াল, সাহের বাম্বা, আনিয়া সিং এবং মনোজ পাওয়া। এছাড়াও সিরিজটির বড় আকর্ষণ ছিল রণবীর কাপুর, রণবীর সিং, সালমান খান, আমির খান এবং স্বয়ং শাহরুখ খানের মতো তারকাদের ক্যামিও।