এবারের হোলি ছিল ক্যাটরিনা কইফের কাছে যারপরনাই স্পেশ্যাল। কারণ মা হওয়ার পর এই প্রথম রঙের উৎসব উদ্যাপন করলেন তিনি। এবং তারপর পরিবারের সঙ্গে সেই আনন্দমুখর মুহূর্তের ছবি ভাগ করে নিলেন তিনি সোশ্যাল মিডিয়ায়।
ইনস্টাগ্রামে পোস্ট করা একটি গ্রুপ ছবিতে দেখা যায়, পুলসাইডে রঙের খেলায় মেতে উঠেছেন ক্যাটরিনা। পাশে স্বামী ভিকি কৌশল, অন্যদিকে জলভরা পিচকারি হাতে অভিনেত্রীর দেওর সানি। উপস্থিত ছিলেন ক্যাটরিনার বোন ইজাবেলা কইফ-ও। ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, “সবথেকে আনন্দের হোলি,” সঙ্গে রঙিন হার্ট ইমোজিও জুড়ে দেন তিনি।
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Katrina Kaif (@katrinakaif)
চার বছর আগে, ২০২১ সালের ৯ ডিসেম্বর, রাজস্থানেরসিক্স সেন্সেস ফোর্ট বারওয়াড়া-তে ঘনিষ্ঠ পরিসরে সাত পাকে ঘুরেছিলেন ভিকি ও ক্যাটরিনা। দীর্ঘদিন সম্পর্ক গোপন রাখার পর বিয়ের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা করেছিলেন তাঁরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের ঘনিষ্ঠ বন্ধুরা, যেমন নেহা ধুপিয়া, অঙ্গদ বেদি, কবীর খান, মিনি মাথুর, শর্বরী ওয়াঘ এবংমালবিকা মোহনান।
২০২৫ সালের ৭ নভেম্বর তাঁদের ঘরে আসে প্রথম সন্তান, পুত্র বিহান। আনন্দের খবর জানিয়ে দম্পতি লিখেছিলেন, “আমাদের একমুঠো খুশি চলে এসেছে আমাদের কাছে। ভালবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে আমাদের ছোট্ট ছেলেকে স্বাগত জানালাম আমরা।”
ক্যাটরিনাকে শেষবার বড়পর্দায় দেখা গিয়েছে ২০২৪ সালের ছবি ‘মেরি ক্রিসমাস’-এ, যেখানে তাঁর সহঅভিনেতা ছিলেন বিজয় সেতুপতি। ছবিটি পরিচালনা করেছিলেন শ্রীরাম রাঘবন। বক্স অফিসে ছবিটি প্রত্যাশিত সাফল্য না পেলেও ওটিটি মুক্তির পর প্রশংসা কুড়োয়।
অন্যদিকে, ভিকি কৌশলকে সম্প্রতি দেখা গেছে ‘ছাবা’-তে, যা বড়সড় বাণিজ্যিক সাফল্য পায়। বর্তমানে তিনি ব্যস্ত ‘লভ অ্যান্ড ওয়ার’-এর শুটিংয়ে। ছবিটি পরিচালনা করছেন সঞ্জয় লীলা বনশালি এবং ভিকির পাশাপাশি দেখা যাবে রণবীর কাপুর এবং আলিয়া ভাট-কে।
এবারের হোলি তাই শুধুই রঙের উৎসব নয়, নতুন অধ্যায়ের আনন্দে ভরা এক পারিবারিক উদ্যাপন।