চলতি মাসের গোড়ার দিকে তৃতীয়বারের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হন আমির খান। স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্টে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন। আর তারপর থেকেই ক্রমাগত কটাক্ষের মুখে পড়ছেন তিনি। তাঁর বিরুদ্ধে উঠছে লাভ জিহাদের অভিযোগও। এবার তাঁর এই তৃতীয় বিয়ে নিয়ে কী বললেন অভিনেত্রী হিনা খান? 

সম্প্রতি হিনা খান কারও নাম না করে তৃতীয় বা একাধিক বিয়ে প্রসঙ্গে মুখ খোলেন। তাঁর দাবি একাধিকবার বিয়ে করলে, সেই ব্যক্তির ইমেজ সকলের সামনে খারাপ হয়। হিনা এবং রুবিনা দিলায়েকের নতুন শো 'দ্য ৪ পিওভি' -তে আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে এই মন্তব্য করেন তিনি। 

এদিন হিনা বলেন, কোনও তারকার ব্যক্তিগত জীবন বা পছন্দ, অপছন্দ তাঁর দর্শকদের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাঁর কথায় সম্মতি জানান রুবিনা। এরপর নিজের কথা প্রসঙ্গেই হিনা আরও বলেন, 'তাহলে তো সেক্ষেত্রে আমির খানের কোনও ছবি চলার কথা নয়।' রুবিনা সেই কথার জবাবে বলেন, আমির খান সেভাবে কোনও বিতর্কে কখনও জড়াননি। তখনই হিনা পুনরায় বলেন, 'ওর এই বিয়েটা কি কম বিতর্কিত?' 

এদিন তিনি আলোচনা প্রসঙ্গে আরও দাবি করেন তিনি এসব কিছু না ভাবলেও, সাধারণ মানুষ বিষয়টা ভাল নজরে দেখে না। তাঁর কথায়, 'আম জনতা ভাববে, আবার? আবার বিয়ে করছে? একেও না ছেড়ে দেয়! আমাদের সমাজে বিষয়টাকে মোটেই ভাল ভাবে দেখা হয় না রুবিনা। একটার পর একটা বিয়ে....' 

এদিন রুবিনা এবং হিনার সঙ্গে আলোচনায় উপস্থিত ছিলেন তাঁদের দুজনের স্বামী অভিনব শুক্লা এবং রকি জয়সওয়াল। রকি হিনার এই বক্তব্যের রেশ ধরে বলেন, 'বিয়ে তো ছেড়েই দাও, ডিভোর্সটাও ভাল ভাবে নিতে পারে না এখনও মানুষ।' 

প্রসঙ্গত, গত ৫ জুলাই বিয়ে করেছেন আমির খান। তাঁর মুম্বইয়ের বাসভবনে বসেছিল বিয়ের আসর। উপস্থিত ছিলেন নিকট আত্মীয় এবং বন্ধুরা। আমির এবং গৌরীর বিয়ের পর তাঁকে অনেকেই লাভ জিহাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলে কটাক্ষ করেন। যদিও আমির জানান তাঁর কোনও স্ত্রীই বিয়ের পর ধর্ম বদলাননি। প্রাক্তন দুই স্ত্রী হিন্দু ছিলেন এবং গৌরী ক্রিশ্চান। এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, আমির খানের প্রথম স্ত্রী রিনা দত্ত। তাঁদের দুই সন্তান ইরা খান এবং জুনায়েদ খান। তাঁর দ্বিতীয় স্ত্রী কিরণ রাও। কিরণ এবং আমিরের এক সন্তান আজাদ।