বলিউডের বহুল প্রতীক্ষিত ছবি 'হেরা ফেরি ৩'-কে ঘিরে দীর্ঘদিন ধরেই চলছে জল্পনা। কখনও পরিচালক বদল, কখনও কাস্টিং নিয়ে বিতর্ক—সব মিলিয়ে ছবির ভবিষ্যৎ নিয়ে ছিল অনিশ্চয়তা। এবার সেই জল্পনার মাঝেই বড় আপডেট দিলেন প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা।
সম্প্রতি, দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, 'হেরা ফেরি ৩' সঠিক দিকেই এগোচ্ছে এবং ছবির কাজ পরিকল্পনা অনুযায়ী চলছে। তবে একই সঙ্গে তিনি নিশ্চিত করেছেন, প্রিয়দর্শন এই ছবির পরিচালক নন।
এ বিষয়ে প্রশ্ন করা হলে ফিরোজ বলেন, "না, প্রিয়দর্শন এই ছবির অংশ নন। সব কিছু ঠিকঠাক এগোচ্ছে এবং সঠিক পথেই রয়েছে।"
প্রসঙ্গত, ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত 'হেরা ফেরি' পরিচালনা করেছিলেন প্রিয়দর্শন। এরপর ২০০৬ সালে 'ফির হেরা ফেরি'-র পরিচালনার দায়িত্বে ছিলেন নীরজ ভোরা। ২০১৮ সালে ইন্দ্র কুমার-কে 'হেরা ফেরি ৩'-এর পরিচালক হিসেবে ঘোষণা করা হলেও পরে তিনি সরে দাঁড়ান। এরপর থেকেই শোনা যাচ্ছিল, প্রিয়দর্শনই আবার পরিচালনায় ফিরছেন। কিন্তু প্রযোজকের সাম্প্রতিক মন্তব্যে সেই জল্পনায় কার্যত ইতি পড়ল।

তবে সুখবরও রয়েছে অনুরাগীদের জন্য। বলিউডের অন্যতম জনপ্রিয় এই কমেডি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিতেও অক্ষয় কুমার, সুনীল শেট্টি এবং পরেশ রাওয়াল—এই আইকনিক ত্রয়ীকে একসঙ্গে দেখা যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।
দীর্ঘদিন ধরে একের পর এক সমস্যা এবং নানা পরিবর্তনের কারণে 'হেরা ফেরি ৩' নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও, ফিরোজ নাদিয়াদওয়ালার বক্তব্যে স্পষ্ট, ছবির কাজ থেমে নেই। যদিও শুটিং কবে শুরু হবে বা মুক্তির দিনক্ষণ এখনও প্রকাশ্যে আনা হয়নি, তবুও 'রাজু', 'শ্যাম' এবং অবিস্মরণীয় 'বাবুরাও গণপতরাও আপ্তে'কে আবার বড়পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। তবে প্রিয়দর্শনের বদলে এই ছবির পরিচালকের আসনে কে বসবেন, তা এখনও খোলসা করেননি প্রযযোজক।

উল্লেখ্য, মালয়ালম ছবি 'রামজি রাও স্পিকিং'-এর অনুপ্রেরণায় তৈরি 'হেরা ফেরি' মুক্তির পর অপ্রত্যাশিতভাবে সুপারহিট হয় এবং সময়ের সঙ্গে ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় কাল্ট কমেডিতে পরিণত হয়। এরপর 'ফির হেরা ফেরি'-তে রাজু, শ্যাম ও বাবুরাওয়ের নতুন সব হাস্যকর বিপত্তি দর্শকের মন এক লহমায় জয় করে নিয়েছিল। সেই কারণেই 'হেরা ফেরি ৩' ঘিরে প্রত্যাশার পারদ এখন তুঙ্গে।