দেবভূমি উত্তরাখণ্ডের পবিত্র তীর্থনগরি হরিদ্বারে এবার শুটিং করতে গিয়ে আইনি এবং সামাজিক বিতর্কের মুখে পড়ল বলিউড অভিনেতা ইমরান হাশমি-র নতুন ছবির টিম। ছবির দৃশ্য ফুটিয়ে তুলতে সেটে একটি নকল ‘বার’-এর সাইনবোর্ড ঝোলানোকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা ও হিন্দুত্ববাদী সংগঠনগুলোর চরম ক্ষোভের মুখে পড়তে হলো প্রযোজকদের। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, বেগতিক দেখে শেষ পর্যন্ত সেট থেকে ওই বিতর্কিত বোর্ডটি সরিয়ে নিতে বাধ্য হন শুটিং ইউনিট।  সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, শুটিং স্পটে উপস্থিত ক্রু-মেম্বার এবং নিরাপত্তা কর্মীদের সঙ্গে স্থানীয় লোকজনের তুমুল কথাকাটাকাটি এবং উত্তপ্ত বাক্যবিনিময় চলছে। তবে এই ভাইরাল ক্লিপটিতে ইমরান হাশমিকে সরাসরি ফ্রেমে দেখা যায়নি।


ঠিক কী নিয়ে শুরু হলো এই ‘বার’ বিতর্ক? খবর, হরিদ্বারের একটি বাড়ির সামনে সিনেমার টিম শুটিংয়ের প্রয়োজনে একটি নকল রেস্তরাঁর সেট তৈরি করেছিল। আর সেই সেটের ওপর একটি নিয়ন সাইনবোর্ড ঝোলানো হয়েছিল, যাতে বড় বড় অক্ষরে লেখা ছিল “ক্যাফে অ্যান্ড বার”। আর তা সেখানকার অধিবাসীদের চোখে পড়ার পরপরই শুরু হয় ব্যাপক গণ্ডগোল! 

 

হরিদ্বারের মতো একটি পরম তীর্থক্ষেত্রে, যেখানে দূর-দূরান্ত থেকে কোটি কোটি পুণ্যার্থী গঙ্গা স্নান ও আধ্যাত্মিক টানে আসেন, সেখানে এমন ‘বার’ (মদ পানের জায়গা) লেখা বোর্ড লাগানো কোনওভাবেই মেনে নিতে পারেননি স্থানীয় পুরোহিত ও হিন্দু সংগঠনের সদস্যরা। ওঁদের স্পষ্ট অভিযোগ-“সিনেমার শুটিংয়ের নামে দেবভূমি হরিদ্বারের পবিত্রতা এবং ধর্মীয় ও সাংস্কৃতিক ভাবাবেগকে ইচ্ছাকৃতভাবে আঘাত করা হয়েছে। ছবি নির্মাতারা চাইলে অন্য কোনও সাধারণ নাম ব্যবহার করতে পারতেন, কিন্তু এখানে ‘বার’ শব্দবন্ধ ব্যবহার করে তীর্থক্ষেত্রের অপমান করা হয়েছে।”

সেটে উত্তেজনা ছড়াতেই প্রোডাকশন টিমের ম্যানেজার এবং বাউন্সাররা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং অবিলম্বে ওই সাইনবোর্ডটি ওখান থেকে নামিয়ে ফেলা হয়। জানা গিয়েছে, সেটে ইমরান হাশমির পাশাপাশি অভিনেতা অপারশক্তি খুরানাও উপস্থিত ছিলেন, যিনি এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। তবে এই হট্টগোল নিয়ে ইমরান হাশমির তরফ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া বা বিবৃতি সামনে আসেনি।

 

হরিদ্বারের এই রহস্যময় প্রজেক্টটির নাম এখনও চূড়ান্ত না হলেও, ইমরান হাশমি এই মুহূর্তে ওঁর কেরিয়ারের বেশ ভাল সময় পার করছেন। ওঁর ঝুলিতে এখন দুটি বড় সিনেমা রয়েছে— বহুল প্রতীক্ষিত সিকুয়েল ‘আওয়ারাপন ২’ এবং তেলুগু অ্যাকশন ছবি ‘জি ২’।কয়েক দিন আগেই ইনস্টাগ্রামে ছবির নির্মাতারা ঘোষণা করেছেন যে, ‘আওয়ারাপন ২’-এর পুরো শুটিং ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। সেই হিসেবে অর্থাৎ হরিদ্বারের এই শুটিংটি ‘জি ২’ অথবা অন্য কোনও নতুন প্রজেক্টের অংশ।

বক্স অফিসের হিসেব অনুযায়ী, আগামী ১৪ই আগস্ট, ২০২৬ স্বাধীনতা দিবসের সপ্তাহে সিনেমা হলে মুক্তি পেতে চলেছে ‘আওয়ারাপন ২’। তবে ইমরানকে এখানে একাই রাজত্ব করতে দেওয়া হচ্ছে না। ওই একই দিনে অর্থাৎ ১৪ই আগস্ট থিয়েটারে মুক্তি পাবে সানি দেওলের মেগা পিরিয়ড ড্রামা ‘বাঁটোয়ারা ১৯৪৭’। ফলে বক্স অফিসে ইমরান হাশমি বনাম সানি দেওলের এই হাই-ভোল্টেজ টক্কর থিয়েটারে কতটা আগুন জ্বালায়, সেটাই এখন দেখার।