মহুয়া রায়চৌধুরীর বায়োপিক আসছে শীঘ্রই। ইতিমধ্যেই ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে। বর্তমানে উত্তরবঙ্গে আউটডোরে রয়েছে ছবির টিম। রাণা সরকার প্রযোজিত এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে প্রারব্ধি সিংহকে। আর সেই কথা নিজেই প্রকাশ্যে এনেছেন প্রযোজক। 

এদিন রাণা সরকার ফেসবুকের পাতায় 'গুনগুন করে মহুয়া' ছবির শুটিংয়ের একাধিক দৃশ্য পোস্ট করেন। সেখানেই একটি ছবিতে কাঁধে গিটার নিয়ে রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে প্রারব্ধি সিংহকে। কোন চরিত্রে তাঁকে দেখা যেতে চলেছে এই ছবিতে সেটা জানতে তাঁর সঙ্গে আজকাল ডট ইনের তরফে যোগাযোগ করা হলে অভিনেতা বলেন, "তিলকের ছোটবেলার চরিত্রটা আমি করছি।" অর্থাৎ তাঁকে দিব্যাণার বিপরীতে দেখা যাবে এই ছবিতে। 

প্রারব্ধির চরিত্রের প্রসঙ্গে প্রযোজক রাণা সরকার বলেন, "মহুয়ার ছোটবেলায় যাঁর সঙ্গে সম্পর্ক ছিল তাঁর চরিত্রে থাকবে ও। তবে আমরা তাঁর আদলে করছি চরিত্রটা, হুবহু এক নয়।" 

প্রারব্ধি ছোটপর্দার অতি পরিচিত মুখ। 'অনুরাগের ছোঁয়া', 'মিলন হবে কতদিনে' ইত্যাদির মতো ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। তাঁকে শেষবার গৌরব চট্টোপাধ্যায় এবং শোলাঙ্কি রায় অভিনীত 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকে নায়কের ভাইয়ের চরিত্রে দেখা গিয়েছিল। সেই প্রজেক্ট শেষ হতে না হতেই বড়পর্দায় অভিষেক ঘটতে চলেছে তাঁর। প্রথম ছবি, অভিজ্ঞতা কেমন জানতে চাইলে অভিনেতা বলেন, "খুব ভাল অভিজ্ঞতা। যেভাবে আমাকে গাইড করা হচ্ছে, যেভাবে আমি কাজটা করছি তাতে খুবই ভাল লাগছে। প্রথম অভিজ্ঞতা স্মরণীয় হয়ে থাকবে। অনেক ভাল ভাল মানুষ পেয়েছি শুটিংয়ে এসে, অনেক কিছুর মধ্যে ভালই লাগছে।" তিনি এদিন আরও জানান তাঁরা বর্তমানে উত্তরবঙ্গে রয়েছেন শুটিংয়ের জন্য। সেখান থেকেই কথা বলেন আজকাল ডট ইনের সঙ্গে। 

প্রসঙ্গত, 'মহুয়া'র তরুণীবেলার চরিত্রে থাকবেন অভিনেত্রী দিব্যাণী মণ্ডল ও প্রাপ্তবয়স্ক অভিনেত্রীকে পর্দায় ফুটিয়ে তুলবেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। এই ছবিতে কালজয়ী পরিচালক তরুণ মজুমদারকে পর্দায় ফুটিয়ে তুলতে দেখা যাবে অভিনেতা কোরক সামন্তকে। তরুণ মজুমদারের হাত ধরে 'শ্রীমাণ পৃথ্বীরাজ' ছবিতে অভিষেক হয় মহুয়ার। পরিচালক তপন সিনহার চরিত্রে এই ছবিতে দেখা যাবে অভিনেতা, পরিচালক অরিন্দম শীলকে। মহুয়ার বাবা 'নীলাঞ্জন রায়চৌধুরী'র চরিত্রে দেখা যাবে লোকনাথ দেকে। প্রয়াত অভিনেত্রীর দিদির চরিত্রে দেখা যাবে গায়িকা দেবলীনা নন্দীকে। এই ছবির হাত ধরেই প্রথমবার অভিনয়ে অভিষেক হচ্ছে তাঁর। এছাড়াও অভিনেতা, পরিচালক তথাগত মুখার্জিকে দেখা যাবে 'মহানায়ক' উত্তমকুমারের চরিত্রে। সন্ধ্যা রায়ের চরিত্রে থাকবেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ। এছাড়াও মহুয়ার একজন শুভাকাঙ্ক্ষী, ফিকশনাল চরিত্রে থাকবেন অভিনেতা অর্পণ ঘোষাল। 'গুনগুন করে মহুয়া' ছবিতে অভিনেতা দিব্যজ্যোতি দত্ত থাকছেন ক্যামেরার পিছনে।