গোবিন্দা এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজা -র দাম্পত্য জীবন এখন টিনসেল টাউনের সবচেয়ে বড় ‘টক অফ দ্য টাউন’। কঙ্গনা রানাউতের বিতর্কিত রিয়ালিটি শো ‘লক আপ ২’-এর অন্যতম প্রতিযোগী সুনীতা। আর সেই শো-এর মঞ্চেই এবার পকেটে আস্ত একটি আসল গুলি নিয়ে হাজির হয়ে সবাইকে চমকে দিলেন স্বয়ং গোবিন্দা!
শো-এর নতুন প্রোমো সামনে আসতেই নেটপাড়ায় শোরগোল পড়ে গেছে। একদিকে গোবিন্দার পুরোনো গুলিবিদ্ধ হওয়ার ঘটনা নিয়ে রসিকতা, আর অন্যদিকে স্বামীর একাধিক পরকীয়া নিয়ে সুনীতার একের পর এক বিস্ফোরক দাবি— সব মিলিয়ে ‘লক আপ ২’-এর পারদ এখন তুঙ্গে।
শো-এর মঞ্চে সঞ্চালক ফারহা খান এবং রিতেশ দেশমুখ-এর সঙ্গে দেখা করতেই গোবিন্দা একটি  ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বলেন, “এটা তো সেই লক আপ যা সবাই দেখতে পাচ্ছে, কিন্তু এমন অনেক লক আপ আছে যা কেউ দেখতে পায় না, আমি সেখান থেকেই আসছি।”
এরপরই ফারহা খান ২০২৪ সালের গোবিন্দার সেই বিখ্যাত ‘মিসফায়ার’ বা গুলিবিদ্ধ হওয়ার প্রসঙ্গটি তোলেন (যখন নিজের বন্দুক পরিষ্কার করতে গিয়ে ভুলবশত গোবিন্দা নিজের পায়ে গুলি মেরে বসেছিলেন)। ঘটনাটি নিয়ে হাসতে হাসতে গোবিন্দা তাঁর পকেট থেকে একটি গুলি বের করে বলেন, “আরে, আমি তো পকেটে করেই গুলি নিয়ে এসেছি! ও (সুনীতা) বলছিল ও নাকি আমার পায়ে নয়, বুকে গুলি মারতে চেয়েছিল। এই নাও, আমি গুলি এনেছি, এবার মেরেই দাও!”

আসলে, গোবিন্দার পায়ে গুলি লাগার পর অভিনেত্রী শিল্পা শেট্টি ঠাট্টা করে সুনীতাকে জিজ্ঞেস করেছিলেন, তিনিই গোবিন্দাকে গুলি করেছেন কি না। এক সাক্ষাৎকারে সুনীতা সেই মজার ঘটনা মনে করিয়ে দিয়ে বলেছিলেন, “গোবিন্দা তো অর্ধেক গল্প বলেছিল। আমি শিল্পাকে বলেছিলাম, আমি যদি গুলি মারতাম, তবে ওর পায়ে মারতাম না, এক্কেবারে বুকের মাঝখানে মারতাম! কাজ করলে পুরোটা মন দিয়ে করো, নয়তো করোই না!”

তবে এই হাসিমজা ও খুনসুটির আড়ালে তাঁদের বৈবাহিক জীবনের এক অন্ধকার দিকও ‘লক আপ ২’-এর মঞ্চে হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন সুনীতা। মাঝে তাঁদের ডিভোর্সের গুঞ্জন উঠলেও, সুনীতা ক্যামেরার সামনে স্পষ্ট স্বীকার করেছেন যে গোবিন্দা গোটা বিবাহিত জীবন জুড়েই তাঁর সঙ্গে  প্রতারণা করেছেন এবং তাঁর একাধিক বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল।

 শো-এর প্রথম দিনেই সুনীতা বলেন, “ভালবাসায় আপনাকে সবকিছু সহ্য করতে হয়। চি চি (গোবিন্দা) জীবনে এত অ্যাফেয়ার্স করেছে... যাই হোক,নায়ক-নায়িকাদের মধ্যে তো এসব চলতেই থাকে।” এছাড়াও,  অতি সাম্প্রতিক একটি পর্বে সহ-প্রতিযোগী শ্রেয়া কালরা সুনীতাকে সরাসরি জিজ্ঞেস করেন, গোবিন্দা কি এখনও তাঁর সঙ্গে প্রতারণা করেন? জবাবে সুনীতা কিছুটা অসহায়ভাবেই বলেন, “হয়ে গিয়েছে যখন, তখন আর এখন কী-ই বা করতে পারি? এটা তো একদম শুরু থেকেই হয়ে আসছে। ও একজন বড় নায়ক, তাই ওকে আপনি কিছুই বলতে পারবেন না।”
সুনীতা আরও জানান যে, ছোটবেলা থেকে তাঁকে শেখানো হয়েছিল যে বিয়েতে যাই ঘটুক না কেন, সমস্ত কিছু মুখ বুজে সহ্য করতে হয় এবং পার্টনারকে কখনও ছেড়ে যেতে নেই। বিশেষ করে ফিল্ম ইন্ডাস্ট্রির ‘হিরো’দের নিয়ন্ত্রণ করা অসম্ভব এবং তাঁদের পরকীয়া থাকবেই— এটা মেনেই তিনি সংসার করে আসছেন।
স্বামী-স্ত্রীর এই টক-ঝাল-মিষ্টি এবং একই সঙ্গে অত্যন্ত বিতর্কিত রসায়ন এবার ‘লক আপ ২’-এর টিআরপি কোথায় নিয়ে যায়, সেটাই দেখার।