বলিউডে বিতর্ক নতুন কিছু নয়। তবে কখনও কখনও সেই বিতর্ক এতটাই ব্যক্তিগত হয়ে ওঠে যে, তা আর শুধুই সিনেমা ঘিরে থাকে না, ছুঁয়ে ফেলে কোনও খ্যাতনামা ব্যক্তির পরিচয়, নাম, এমনকী জীবনের গোপন পরিসরও। ঠিক তেমনই এক অস্বস্তিকর বিতর্কের মুখে পড়েছে করণ জোহর প্রযোজিত ২০২২ সালের ছবি গোবিন্দা নাম মেরা। কারণ, এই ছবির শিরোনাম নিয়েই এবার প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন অভিনেতা গোবিন্দা।

সম্প্রতি, দেওয়া এক সাক্ষাৎকারে গোবিন্দা স্পষ্ট ভাষায় জানালেন, কোনও অনুমতি ছাড়াই তাঁর নাম ব্যবহার করা হয়েছে একটি ছবির শিরোনামে, যা তিনি মোটেও হালকাভাবে নিতে পারছেন না। অভিনেতার কথায়, “কেউ আমার নাম ব্যবহার করে একটা গোটা ছবি বানিয়ে ফেলেছিল…আমার তো মনে হয় ওই ছবিটা করণ জোহর-ই বানিয়েছিল।”অর্থাৎ, নিজের নামকে ঘিরে তৈরি ছবির বিষয়বস্তু নিয়ে যে তিনি বেশ অস্বস্তিতে, তা আর লুকিয়ে রাখেননি।

শশাঙ্ক খৈতান পরিচালিত ওই ছবি ‘গোবিন্দা নাম মেরা’তে মুখ্য ভূমিকায় ছিলেন ভিকি কৌশল। স্ত্রী ও প্রেমিকার মাঝখানে আটকে পড়া এক কোরিওগ্রাফারের গল্প বলেছিল এই কমেডি থ্রিলার। ভিকির বিপরীতে অভিনয় করেছিলেন ভূমি পেডনেকর ও কিয়ারা আদবানি। ছবিটি মুক্তি পেয়েছিল সরাসরি ডিজনি+হটস্টার ওটিটি-তে।

 

কিন্তু গোবিন্দার আপত্তির জায়গা শুধু নামেই আটকে নেই। ছবির গল্পের কাঠামো নিয়েও রয়েছে তাঁর গভীর অস্বস্তি। ‘গোবিন্দা নাম মেরা’ ছবিতে এক স্বামী, স্ত্রী ও প্রেমিকার সম্পর্কের জটিলতা -এই তিনমুখী জীবনের গল্পকে তিনি অত্যন্ত সংবেদনশীল বিষয় বলে মনে করেন। অভিনেতার কথায়, “মজা সব জায়গায়, সব ভাবে, সব সময় ভাল লাগে না।” এরপর হাতজোড় করে অনুরোধ জানিয়ে গোবিন্দা বলেন, তাঁর ব্যক্তিগত জীবনকে যেন এই ধরনের গল্পের ছায়ায় টেনে না আনা হয়।

এই মন্তব্যের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি ছবির গল্পে নিজের জীবনের প্রতিচ্ছবি দেখছেন গোবিন্দ? নাকি শুধুই নাম ব্যবহারের বিষয়টিকেই তিনি অসম্মানজনক বলে মনে করছেন? যদিও এই প্রশ্নের সরাসরি উত্তর দেননি অভিনেতা। তবে তাঁর বক্তব্যে স্পষ্ট, এই বিষয়টি তিনি ‘হালকাভাবে’ নিতে রাজি নন।

উল্লেখ্য, ১৯৮৭ সালে সুনিতাকে বিয়ে করেন গোবিন্দা। তাঁদের দুই সন্তান, টিনা ও যশবর্ধন। ২০২৪ সালে নিজের বাড়িতেই একটি দুর্ঘটনায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর অভিনেতাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। পরবর্তীতে তাঁর দাম্পত্য জীবন নিয়েও নানা গুঞ্জন ছড়ালেও, গোবিন্দ ও সুনিতা দু’জনেই সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন।

 

&t=313s

 

এই মুহূর্তে গোবিন্দর মন্তব্য ঘিরে বলিউডে চর্চা তুঙ্গে। যদিও করণ জোহরের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে নাম, পরিচয় ও ব্যক্তিগত সীমারেখা এই তিনের সংঘাতে তৈরি হওয়া এই বিতর্ক যে খুব সহজে থামছে না, তার আঁচ এখন থেকেই দিব্যি টের পাওয়া যাচ্ছে।