মার্চ মাসে গোড়ার দিকে যখন ভারতের হাতে ওয়েস্ট ইন্ডিজ বধ হল সেদিনই প্রথম প্রকাশ্যে এসেছিল 'ঘূর্ণি' ধারাবাহিকের নতুন প্রোমো। যদিও সেটা সম্পূর্ণ এআই দ্বারা নির্মিত ছিল। এবার এদিন প্রকাশ্যে এল সেই ধারাবাহিকের নতুন প্রোমো। একই সঙ্গে জানা গেল কারা থাকছেন মুখ্য ভূমিকায়।
'ঘূর্ণি' ধারাবাহিকের প্রোমোতে দেখা যাচ্ছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ চলছে। শেষ বলে ভারতের ৫ রান চাই। ব্যাট করছে ঘূর্ণি। আর সকলের প্রত্যাশা রেখে শেষ বলে ৬ মেরে দেশকে জিতিয়ে দেয় সে। বলাই বাহুল্য, এই ঘটনার পর দেশের গর্ব হয়ে ওঠে।
কিন্তু একি! দেশের গর্ব পলকে হয়ে ওঠে বাংলার কলঙ্ক। তার পোস্টারে কালি মাখানো হয়। জ্বালিয়ে, ছিঁড়ে দেওয়া হয় পোস্টার। চলে খেলোয়াড়ের বাড়ি ভাঙচুর, তার বিরুদ্ধে স্লোগান দেওয়া। আর এসবের মাঝে জাতীয় দল থেকে বাদ পড়ে যায় রানাঘাটের মেয়ে ঘূর্ণি। নায়িকা নিজেও ভেবে নেয় তার স্বপ্ন শেষ। সে প্রতিজ্ঞা করে আর ব্যাট ধরবে না। সব জ্বালিয়ে পুড়িয়ে দেয়।
ঘূর্ণি বিবাহিত। তার শ্বশুর বাড়ির লোকের তার এই খেলা বিশেষ পছন্দের ছিল না। তাদের অভিজাত পরিবার, দীর্ঘদিনের কাঁসা পিতলের ব্যবসা। আর সেই বাড়ির বউ কিনা হবে খেলোয়াড়! তার মধ্যে তাকে নিয়ে এত কাণ্ড! যদিও বর সাপোর্ট করে। কিন্তু এভাবে সমস্যা হওয়ায় সকলেই তার খেলার বিরোধিতা করে। এমন অবস্থায় নায়িকার স্বপ্নের কী হয় সেটাই দেখার।
?igsh=MWk3ZzIwNXZvcHE1NA==
প্রসঙ্গত, এই ধারাবাহিকে 'ঘূর্ণি'র বরের চরিত্রে দেখা যাবে 'গীতা এলএলবি' ধারাবাহিক খ্যাত অভিনেতা কুণাল শীলকে। এই খবর আগেই পাওয়া গিয়েছিল, এবার তাতে সিলমোহর পড়ল। যদিও মাঝে শোনা গিয়েছিল 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের পর নীল ভট্টাচার্যকে দেখা যাবে এই ধারাবাহিকে। কিন্তু সেটা যে জল্পনা ছিল কেবল সেটা এদিন প্রমাণ হয়ে গেল। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন মল্লিকা মজুমদার, প্রমুখ। তবে জল্পনা অনুযায়ী নায়িকা হিসেবে অয়ন্যা বা রেশমা মণ্ডল কাউকেই দেখা গেল না। নায়িকা একেবারেই নতুন।
টেন্ট সিনেমা প্রযোজিত এই ধারাবাহিক কবে থেকে শুরু হবে বা কোন স্লটে দেখা যাবে সেটা এখনই ঘোষণা করা হয়নি। তবে দর্শকরা এই প্রোমো প্রকাশ্যে আসতেই জানিয়েছেন, তাঁরা চান কম্পাস শেষ হোক। সেই ধারাবাহিক নাকি একেনারেই কারও ভাল লাগছে না। তবে শেষ পর্যন্ত 'ঘূর্ণি'র দাপটে কোন ধারাবাহিক শেষ হয় সেটাই দেখার।
















