দীর্ঘ প্রতীক্ষা, নানা গুঞ্জন এবং ডেট নিয়ে জটিলতা—সব মিলিয়ে ‘জি লে জরা’ যেন বলিউডের অন্যতম ‘রহস্যময়’ প্রজেক্ট হয়ে দাঁড়িয়েছে। প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কইফ এবং আলিয়া ভাট অভিনীত এই ছবি নিয়ে গত কয়েক বছর ধরে নানা জল্পনা শোনা গেছে। বারবার পিছিয়েছে ছবির শুটিংয়ের তারিখ। শেষমেশ এই ছবি আদৌ কি শুটিং ফ্লোরে যাবে? অবশেষে এই বিষয়ে মুখ খুললেন পরিচালক ফারহান আখতার।
২০২১ সালে যখন ‘জি লে জরা’ ছবির ঘোষণা হয়েছিল, তখন থেকেই দর্শকদের উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। তিন তারকা অভিনেত্রী—প্রিয়াঙ্কা, ক্যাটরিনা ও আলিয়ার যুগলবন্দি দেখার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। কিন্তু দীর্ঘ সময় পার হলেও ছবির কাজ শুরু না হওয়ায় নানা গুঞ্জন দানা বেঁধেছে। কাস্ট বদলে যাচ্ছে? নাকি ছবিই বন্ধ হয়ে গেল? অবশেষে সব জল্পনার জবাব দিলেন পরিচালক ফারহান আখতার।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে ফারহান স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি কোনও কিছু লুকোনোর পক্ষপাতী নন। তাঁর কথায়, “ছবি নিয়ে প্রচুর গুজব ছড়াচ্ছে। কিন্তু আমি সব সময় বলে এসেছি, আমি যখন কোনো কাজ করার জন্য প্রস্তুত হই, তখন সেটা খোলাখুলি সবাইকে জানিয়ে দিই। ‘জি লে জরা’-র ক্ষেত্রেও তাই করব।” ছবির বর্তমান অবস্থা নিয়ে তিনি কোনও নির্দিষ্ট ‘আপডেট’ দেননি, তবে কাজ যে সঠিক সময়ের অপেক্ষায় আছে, তা তাঁর কথায় স্পষ্ট।
ছবির দেরি হওয়ার পেছনে প্রধান কারণ ছিল তিন ব্যস্ত তারকার ডেট মেলানো। প্রিয়াঙ্কা চোপড়ার আন্তর্জাতিক ব্যস্ততা এর বড় কারণ ছিল। ফারহান অকপটেই স্বীকার করেছেন, “অভিনেত্রীদের ডেট মেলাতে গিয়ে রীতিমতো ‘ট্রমা’-র মধ্য দিয়ে যেতে হয়েছে আমাদের।” শুধু তাই নয়, শোনা যাচ্ছে, তিন প্রধান অভিনেত্রীর বিপরীতে উপযুক্ত তিন পুরুষ অভিনেতাকে খুঁজে পাওয়াও ছিল এক বড় চ্যালেঞ্জ। যদিও ২০২৫-এর ডিসেম্বরে শোনা গিয়েছিল ছবির টিম সেই সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা চালাচ্ছে।
পরিচালক হিসেবে নিজের পরবর্তী পদক্ষেপ নিয়ে ফারহান এখন একটু সময় নিতে চান। তিনি বলেন, “গত কয়েক বছরে অনেক কিছু ঘটে গেছে। আমি এখন একটু থামতে চাই, শ্বাস নিতে চাই এবং বুঝতে চাই আমার হৃদয় আসলে কী চায়। তারপরই পরবর্তী পরিচালনামূলক প্রজেক্ট নিয়ে সিদ্ধান্ত নেব।”
নির্দেশনার বাইরে অভিনয়ের জগতে কিন্তু দারুণ এক প্রজেক্টের অপেক্ষায় আছেন ফারহান। স্যাম মেন্ডেসের ‘দ্য বিটলস’-এর বায়োপিক সিরিজে তিনি পণ্ডিত রবি শঙ্কর-এর চরিত্রে অভিনয় করবেন। নিজের দীর্ঘদিনের স্বপ্নপূরণের কথা বলতে গিয়ে তিনি একে “বিশাল দায়িত্ব” বলে উল্লেখ করেছেন ফারহান।















