গত কয়েকদিন ধরেই বলিউড এবং দক্ষিণী ছবির অনুরাগীদের মধ্যে জোর চর্চা চলছিল—সন্দীপ রেড্ডি ভাঙ্গার বহুল প্রতীক্ষিত ছবি 'স্পিরিট'-এ নাকি প্রভাসের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। এমনও দাবি করা হচ্ছিল, মা হওয়ার পর এটাই হতে চলেছে অভিনেত্রীর বড়পর্দায় প্রত্যাবর্তন। সেই সঙ্গে বলা হচ্ছিল দীপিকার পরিবর্তে নাকি ক্যাটরিনাকে দেখা যাবে। এমনও বলা হচ্ছিল, কিন্তু এই জল্পনায় এবার কার্যত জল ঢেলে দিল নতুন রিপোর্ট।
সম্প্রতি প্রকাশিত একটি ফ্যাক্ট-চেক রিপোর্টে স্পষ্ট জানানো হয়েছে, ক্যাটরিনা কাইফের 'স্পিরিট'-এ যোগ দেওয়ার খবরের কোনও সত্যতা নেই। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের দাবি, এই মুহূর্তে তাঁর ছবিতে অভিনয়ের পরিকল্পনা নিয়ে যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ জল্পনার উপর ভিত্তি করে তৈরি। এখনও পর্যন্ত ক্যাটরিনা বা ছবির নির্মাতাদের পক্ষ থেকে এমন কোনও ঘোষণা করা হয়নি।
আসলে কয়েকদিন আগে খবর প্রকাশিত হয়েছিল, দীপিকা পাড়ুকোন ছবি থেকে সরে যাওয়ার পর ক্যাটরিনার সঙ্গে নির্মাতাদের আলোচনা চলছে এবং তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে পারেন। সেই প্রতিবেদন থেকেই জল্পনা আরও ছড়িয়ে পড়ে। তবে সেই খবরেরও কোনও সরকারি নিশ্চিতকরণ ছিল না।
অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র স্পষ্ট জানিয়েছে, ক্যাটরিনার ভবিষ্যতের অভিনয় পরিকল্পনা নিয়ে যে সব দাবি করা হচ্ছে, সেগুলি 'সম্পূর্ণ ভুল এবং বিভ্রান্তিকর'। কোনও যাচাই ছাড়াই এই ধরনের খবর প্রকাশ করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। ফলে আপাতত 'স্পিরিট'-এ ক্যাটরিনাকে দেখার আশা বাস্তব নয় বলেই মনে করা হচ্ছে।
উল্লেখ্য, কিছুদিন ধরেই ক্যাটরিনা কাইফের কামব্যাক নিয়ে নানা জল্পনা চলছে। মা হওয়ার পর তিনি নাকি ওটিটি এবং বড়পর্দার জন্য নতুন চিত্রনাটাও পড়ছেন বলে বিভিন্ন মহলে আলোচনা ছিল। তবে অভিনেত্রী এখনও তাঁর পরবর্তী প্রজেক্ট নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তাই তাঁর নতুন ছবির ঘোষণা না আসা পর্যন্ত সমস্ত খবরই গুঞ্জন হিসেবেই দেখার পরামর্শ দিচ্ছেন ঘনিষ্ঠ মহল।
অন্যদিকে, 'স্পিরিট' ইতিমধ্যেই বছরের অন্যতম আলোচিত ছবি। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন প্রভাস ও তৃপ্তি ডিমরি। দীপিকা পাড়ুকোনের সরে দাঁড়ানোর পর থেকেই ছবির কাস্টিং নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। কিন্তু ক্যাটরিনা কাইফকে নিয়ে ছড়িয়ে পড়া খবর যে ভিত্তিহীন, তা এখন প্রায় স্পষ্ট।
















