২০২১ সালে জোড়াফুল শিবিরে যোগ দিয়েছিলেন সৌরভ দাস। গিয়েছেন বেশ কিছু প্রচার, মিছিলেও। কিন্তু তারপর থেকে অভিনেতাকে সেভাবে আর রাজনীতির মঞ্চে দেখা যায়নি। সামনেই বিধানসভা নির্বাচন। বহু তারকা বিভিন্ন দলে যোগ দিচ্ছেন বা দল বদল করছেন। সৌরভ দাসও কি আবারও সক্রিয় রাজনীতিতে ফিরছেন? কী জানালেন আজকাল ডট ইনকে? 

সক্রিয় রাজনীতিতে ফেরার প্রসঙ্গে সৌরভ দাস এদিন বলেন, "সেরকম ইচ্ছে এখন নেই। এই সময় দাঁড়িয়ে একদমই নেই। আমি যেটা বুঝেছি রাজনীতি আমি অতটা বুঝি না।  যেটা বুঝি না, সেখানে সফল হওয়ার চান্স কম। যেটা বুঝি সেটা করতে হবে। উদাহরণ হিসেবে বলতে পারি, আমি এই যে প্রযোজনা সংস্থা করেছি, তার এক বছর আগে থেকে কিন্তু আমি সেটা নিয়ে পড়াশোনা করেছি। কী হচ্ছে, কোথায় কী সুযোগ আছে, কী হতে পারে সেসব নিয়ে পড়েছি। জানছি। মানুষের সঙ্গে কথা বলছি। কোনও পার্টিতে গিয়ে দেখবেন আমি কোনও মানুষের সঙ্গে কথা বলছি। আর আমাদের ইন্ডাস্ট্রির প্রচুর মানুষ আমাদের সাহায্য করেছেন। ওরা বলে দিচ্ছে এইটা ভাল, ওইটা করো। আমি একই প্রশ্ন অনেককে করছি, জানার, বোঝার চেষ্টা করছি। ওটা নিয়ে আমি পড়াশোনা করেছি বলে আমি ওটা করেছি। যদি আমি আবার কখনও রাজনীতি করি তাহলে তার আগে সেটাকে জানব, বুঝব।" 

তাহলে ২০২১ সালে কেন রাজনীতিতে যোগ দিয়েছিলেন? এই বিষয়ে 'মন্টু পাইলট' -এর স্পষ্ট জবাব, "তখন না বুঝে গিয়েছিলাম। ওই যে মন্টু পাইলট যেমন ইমম্যাচিওর ছিল, সৌরভও তাই। এখন ম্যাচিওর হয়ে গিয়েছে। এখন বুঝেছে আগে নিজের পরিবারকে আগে সামলাও, ঠিক মতো খেতে দাও। তারপর বাংলার পরিবারের ভার নিও।" 

প্রসঙ্গত, 'মন্টু পাইলট' আবারও ফিরে এসেছে। নতুন চরিত্রের সংযোজন থেকে শুরু করে, পুরনো চরিত্রের ফিরে আসা। সবটা মিলিয়েই মন্টু পাইলট থ্রি দর্শকদের থেকে ভাল সাড়া পাচ্ছে। 

গত ৪ মার্চ থেকে হইচই প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে 'মন্টু পাইলট ৩'। এখানে আবারও নাম ভূমিকায় দেখা যাচ্ছে সৌরভ দাসকে। তাঁর বিপরীতে প্রথম সিজনের পর এবারও রয়েছেন শোলাঙ্কি রায়। সঙ্গে রয়েছেন চান্দ্রেয়ী ঘোষ। এই সিজনের নতুন সংযোজন কিউ এবং পার্নো মিত্র। দেবালয় ভট্টাচার্য সিরিজটির পরিচালনা করেছেন। এটাই সিরিজটির শেষ সিজন কিনা জানতে চাইলে অভিনেতা জানিয়েছেন, 'এখানে মরা মানুষও ফিরে আসে।' ফলে দর্শক যদি চায় এবং পরিচালক, প্রযোজক যদি মনে করে তাহলে ফিরতেই পারে এই সিরিজের পরবর্তী অংশ।