রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুর দু'দিনের মধ্যেই না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ছোটপর্দার আরও এক জনপ্রিয় অভিনেতা প্রণব চট্টোপাধ্যায়। তারপর বুধবার সকালে হঠাৎই রটে যায় 'কুসুম' ধারাবাহিকের সেটে নাকি শুটিং চলাকালীন পুড়ে গিয়েছেন অভিনেত্রী তনিষ্কা তিওয়ারি। হাত, মুখ নাকি পুড়ে গিয়েছে তাঁর। এমনকী তাঁকে নাকি অন্যের সাহায্য নিয়ে পরীক্ষা দিতে হয়েছে, অবস্থা এতই খারাপ! আর সব কিছু প্রযোজনা সংস্থা চেপে গিয়েছে। এই জল্পনা রটতেই আজকাল ডট ইনের তরফে যোগাযোগ করা হয়। কী জানালেন অভিনেত্রীর মা?
এই কথা শুনেই তনিষ্কার মা টিনা তিওয়ারি বলেন, "খবরগুলো কোথা থেকে রটছে আমি জানি না। প্রথমত ৭ মার্চ আমার মেয়ের পরীক্ষা শেষ হয়েছে। নিজের হাতে ভালভাবে পরীক্ষা দিয়েছে। কোনও ইন্টারপ্রেটার লাগেনি। শুটিংয়ে এমন কিছু হয়নি যেটা রটেছে। একটা আগুনের সিন ছিল, তাতে ওর হাতে যে মেটালের চুড়ি ছিল সেটা গরম হয়ে গিয়েছিল। ওতে একটু ফোসকা পড়েছিল। রান্না করতে গিয়ে বা মাছ ভাজতে গিয়ে যেমন তেল ছিটে আসে সেটুকুই। ও তারপরে শুটিংয়ে গিয়েছে। পরীক্ষা দিয়েছে। সব কিছু ঠিকঠাক। দিব্যি মেয়ে শুটিং করছে। এখন এই কথাগুলো কোথা থেকে রটছে, বুঝছি না। রাহুলদার এই ঘটনার পর কেন আমার মেয়েকে নিয়ে এমন বলা হচ্ছে বুঝতে পারছি না। যাকে রোজ টিভির পর্দায় দেখা যাচ্ছে, তাকে নিয়ে এই যে মুখ পুড়ে গিয়েছে, এটা ওটা কেন রটছে সত্যি কথা জানি না।"
তিনি আরও জানান এই সামান্য ফোসকা পড়ার ঘটনাটিও এখনের নয়। বরং দোলের সময়ের। টিনা তিওয়ারি বলেন, "নেড়াপোড়ার শুটিংয়ের সময়। এটা যদি ঘটত তাহলে সেটা কেউ জানত না? আমাদের একটা মাত্র সন্তান, আমরা জানাতাম না?" শুধু তাই নয়, প্রযোজনা সংস্থার প্রশংসাও করেন তিনি। জানান তনিষ্কার ছ্যাঁকা লাগতেই তাঁরা তৎপর হয়ে ব্যবস্থা নেন। "ওর যখন ছ্যাঁকা লেগেছিল এক সেকেন্ডের মধ্যে চুড়ি খুলে যা যা করার সব করেছিল। কিছুই হয়নি তারপরও ব্যান্ডেজ করে, সুন্দর চিকিৎসা করেছিল।", জানালেন 'কুসুম' -এর মা।
প্রসঙ্গত, 'কুসুম' ধারাবাহিকটি জি বাংলার পর্দায় দেখা যায়। নাম ভূমিকায় আছেন তনিষ্কা তিওয়ারি। সঙ্গে মুখ্য ভূমিকায় সপ্তর্ষি রায়, অঞ্জনা বসু, প্রমুখ রয়েছেন।















