রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অসময়ে চলে যাওয়া, তাও কাজ করতে গিয়ে বিপদে পড়ে প্রাণ হারানোর পর একজোট হয়েছে টলিউড। একদিকে যেমন কীভাবে, কেন রাহুলের মৃত্যু হল সেটা সকলে জানতে চান, তেমনই অন্যদিকে শুটিং করতে গিয়ে কাউকে যাতে আর রাহুলের মতো অকালে প্রাণ হারাতে না হয় সেটার জন্য টেকনিশিয়ান স্টুডিওতে বৈঠক ডাকা হচ্ছে বারবার। এর আগে ৭ এপ্রিল ইম্পা, ফেডারেশন, আর্টিস্ট ফোরাম একসঙ্গে বৈঠক করে, আবার আগামী ১২ এপ্রিল আরও একটি বৈঠক ডাকা হয়েছে। এবার রাহুলের মৃত্যুর পর টলিউডের এই একজোট হওয়ার প্রসঙ্গে মুখ খুললেন স্বস্তিকা মুখোপাধ্যায়।
কারও মৃত্যুর ঘটতে হল এক ছাতার তলায় আসার জন্য, সুরক্ষা সংক্রান্ত নিয়মাবলী বানানোর জন্য। এই বিষয়ে স্বস্তিকা এদিন আজকাল ডট ইনকে বলেন, "এটা একদমই বাঞ্ছনীয় নয়, কিন্তু সেটাই ঘটছে। আমি আগেও এটা বারংবার বলেছি যে কোনও একটা কিছু ঘটলে তবেই সবার ঘুম ভাঙে। কিন্তু এই একসঙ্গে আসাটা আসলে কতটা একসঙ্গে আসা সেটা আমি জানি না। বা এটার মেয়াদ কতদিন থাকবে। বা এরপর কোনও অসুবিধা হলে একসঙ্গে আসাটা হবে কিনা... জানি না।" তিনি আরও বলেন, "কাউকে যদি মরে যেতে হয় একসঙ্গে আসানোর জন্য, বারবার তো লোকেরা তাহলে একসঙ্গে আসাতে চাই বলে মরে গেলাম এটা সম্ভব নয়। কতদিন জেগে থাকব সেটাও জানি না।"
রাহুলের মতো অনির্বাণ চক্রবর্তী বা স্বস্তিকা মুখোপাধ্যায়কে কি কখনও রিস্ক নিয়ে শুট করতে হয়েছে? এই বিষয়ে একেন বাবু বলেন, "বহুবার। কোনও নিরাপত্তা ছাড়াই বহুবার শুট করেছি। মিনিমাম যে জিনিসগুলো দরকার, যেমন ব্যান্ডএইড সেগুলোও থাকে না অনেক সময়। আমরা অনেকবার এমন জায়গায় শুট করেছি যেটা প্রত্যন্ত এলাকা। যেখানে বললেই সব পাওয়া যাবে না। আমরা অনেক সময় অভিনেতারা এমন অনেক কিছু করে ফেলি, যা পরে ভাবলে ভাবি কীভাবে করেছি। এটা অ্যাড্রেনালিন রাশের জন্য করি। যদি বলি যে এটা নেই তাহলে এটা করব না, তখন সেটাকে কিন্তু ট্যান্ট্রাম বলা হয়। ও অনেক কিছু চায়, ভীষণ কথা, প্রোডাকশন ফ্রেন্ডলি নয় এসব শুনতে হয়।"
৭ এপ্রিল বৈঠকে টলিউডে নিষিদ্ধ হওয়া পরিচালক এবং অভিনেতাদের উপর থেকে ব্যান তোলার আবেদন করেন দেব। এমনকী এই বৈঠকে ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স, অরগ্যানিক প্রযোজনা সংস্থা দুটোকে ব্যান ঘোষণা করা হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর সঠিক কারণ ব্যাখ্যা না করার জন্য। ফলে একসঙ্গে তিনটি ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। এই বিষয়ে স্বস্তিকা বলেন, "একটা সমস্যার সমাধান বের করতে গিয়ে আরও অনেক লোকেদের বিপদে ফেলছি।"
প্রসঙ্গত স্বস্তিকা মুখোপাধ্যায় এবং অনির্বাণ চক্রবর্তীকে বর্তমানে 'বিবি পায়রা' ছবিটিতে দেখা যাচ্ছে। তাঁরা ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ আছেন পাওলি দাম, অনিন্দ্য সেনগুপ্ত, রূপালি রায় ভট্টাচার্য, লোকনাথ দে, প্রমুখ। 'বিবি পায়রা' গানটি কম্পোজ করেছেন মৈনাক মজুমদার। গানটি লিখেছেন প্রসেন। এবং নাচটির কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব। নন্দী মুভিজ ছবিটির প্রযোজনা করেছেন। এবং পরিচালনা জাতীয় পুরস্কার জয়ী পরিচালক অর্জুন দত্তের। গত ১০ এপ্রিল মুক্তি পেয়েছে ছবিটি।















