নববর্ষের ঠিক প্রাককালে দেব রীতিমত সকলে চমকে দিলেন। এদিন তিনি এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় একত্রে একটি ভিডিও পোস্ট করে জানান চলতি বছরের পুজোয় আসতে চলা 'দেশু ৭' পরিচালনা করবেন দেব। এমনকী এই ছবির চিত্রনাট্যকারও তিনি। শুধু তাই নয়, এই ছবিতে তাঁর এবং শুভশ্রী ছাড়াও থাকবেন অনির্বাণ ভট্টাচার্য। সেটা নিয়ে হইচই পড়ে গিয়েছে। 

গত বছর ফেডারেশনের তরফে অনির্বাণ ভট্টাচার্যকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। অভিনেতাকে শেষবার 'রঘু ডাকাত' ছবিতে দেখা গিয়েছিল দেবের সঙ্গে। এরপর তাঁর হাতে আর কোনও ছবির কাজ ছিল না। সম্প্রতি টলিউডে হওয়া বৈঠকে দেব আর্টিস্ট ফোরামের কার্যকরী সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে অনুরোধ করেন যে সমস্ত পরিচালক এবং অভিনেতা ব্যান তাঁদের উপর থেকে যেন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ৭২ ঘণ্টার সময়ও দেন বিষয়টা দেখার জন্য। কিন্তু ৭২ ঘণ্টা কাটার আগেই অ্যাকশন মোডে দেব! অনির্বাণ যে আবার কাজে ফিরছেন সেটা কি ফেডারেশন জানে? আজকাল ডট ইনের তরফে খোঁজ নেওয়া হল।

স্বরূপ বিশ্বাস এই প্রসঙ্গে বলেন, "ফেডারেশন কিছু জানে না। এই বিষয়ে আমরা অবগত নই।" নিষেধাজ্ঞা তোলার আগে, বৈঠকের আগে এভাবে অনির্বাণ ভট্টাচার্য ফের কাজে ফিরছেন, সেই ঘোষণা হওয়ার পর কি ফেডারেশন কোনও পদক্ষেপ নেবে? এই বিষয়ে ফেডারেশন সভাপতি জানান তিনি এখনই এই বিষয়ে কিছু বলতেন পারবেন না। 

২০২৬-এর পুজোয় ফিরছে 'দেশু' জুটি। দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জুটির সপ্তম ছবি এটি। এখনও নাম ঘোষণা হয়নি, তার আগেই এল বড় চমক। দেব, শুভশ্রী গঙ্গোপাধ্যায় ছাড়াও 'দেশু ৭' -এ থাকছেন অনির্বাণ ভট্টাচার্য। এদিন দেব তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তাঁকে এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে পাশাপাশি বসে কথা বলতে দেখা যাচ্ছে। শুভশ্রী বলেন, 'আবার ৭২ ঘণ্টা! তুমি থামবে না?' জবাবে দেব বলেন, 'যেদিন থেমে যাব, সেদিন শেষ হয়ে যাব।' এরপরই শুভশ্রী বলেন, 'আমি আজ খুব উত্তেজিত। তোমার প্রথম প্রযোজনায় আমি। আবার তোমার প্রথম.... সেটা পরে বলব। আগে বলো আমাদের ছবিতে কি ও থাকছে?' দেব জানতে চান, 'ও মানে?' এরপরই তাঁকে ঢুকতে দেখা যায়। তাঁকে মানে অনির্বাণ ভট্টাচার্যকে। তিনি আসতেই দেব বলেন 'জুন, জুলাই, অগাস্ট ডেট ফাঁকা আছে?' ফলে এখান থেকেই স্পষ্ট হয়ে যায় এই তিন মাসেই শুটিং হবে ছবিটির।

ইতিমধ্যেই 'দেশু ৭' -এর ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের টিকিট সোল্ড আউট। তার কিছুতে আবার রয়েছে দেব, শুভশ্রীর সই। সেই ২০১০ এর সময়ের নস্টালজিয়া যেন এক ধাক্কায় নতুন রূপে ফিরছে। তবে এখনও 'দেশু ৭' -এর নাম ঘোষণা হয়নি। নববর্ষের দিন ঘোষণা করা হতে পারে এই ছবির নাম। 

প্রসঙ্গত, ২০২৫ সালে সমস্ত জটিলতা কাটিয়ে দীর্ঘ সময়ের পর মুক্তির আলো দেখে দেব, শুভশ্রীর জুটির ছবি 'ধূমকেতু'। বক্স অফিসে অভাবনীয় সাফল্য পায় ছবিটি। এত বছর পরেও যে দেব, শুভশ্রী জুটির ম্যাজিক এতটুকু ফিকে হয়নি সেটা স্পষ্ট। তাঁরা দু'জনেও তাঁদের ব্যক্তিগত জীবনের ওঠাপড়া ভুলে কাজ এবং টলিউডের স্বার্থে একসঙ্গে এসেছেন। 'ধূমকেতু'র জমাটি প্রচার করেন। এবার পালা 'দেশু ৭' -এর!