'কৃষ্ণকলি' ধারাবাহিকের হাত ধরে পেয়েছিলেন খ্যাতি। এরপর কাজ করেছেন 'জগদ্ধাত্রী', 'মুকুট', ইত্যাদির মতো ধারাবাহিকে। সম্প্রতি তিনি আবারও বিয়ে করায় চর্চায় উঠে এসেছেন। মুখ খুলেছেন প্রাক্তন স্বামী এবং শ্বশুর বাড়ি নিয়ে। এবার তিনি আজকাল ডট ইনকে জানালেন টলিউডে কাজ করতে এসেছে কখনও কাস্টিং কাউচের শিকার হয়েছেন কিনা।
সুস্মিতা রায় এদিন কাস্টিং কাউচ প্রসঙ্গে বলেন, "অফার তো প্রচুর এসেছিল। কিন্তু অভিনয়ের জন্য আমি এখনও পর্যন্ত কিছু করিনি। আমার মনে হয়েছিল আমার যদি ট্যালেন্ট থাকে.... তাহলে তো প্রচুর বড় বড় চরিত্র করে ফেলতে পারতাম।"
অভিনেত্রী জানান তিনি এই অফার ফিরিয়ে দেওয়ার কারণ কাজ পাননি, বাতিল হয়েছেন। সেই বিষয়ে বলেন, "বহুবার রিজেক্ট হয়েছি। আমার মাথায় ছিল, আমার যদি গুণ থাকে তবেই আমি অভিনয়টা করব। এখন আমি দেখি আর ভাবি, এঁরা সেই মানুষটা যাঁরা একটা সময় অন্য কথা বলত, আর তাঁরা সমাজের চোখে আজ কত সুন্দর, পবিত্র, সাদা, সম্মানীয় ব্যক্তি। অবাক লাগে।"
সুন্দরবন থেকে নিজের জেদে কলকাতায় অভিনেত্রী হওয়ার স্বপ্নপূরণ করতে এসেছে তীব্র লড়াই করেছেন। প্রয়োজনে ফুটপাথে রাত কাটিয়েছেন। তার মধ্যে এমন অফার পেয়েছেন। সবটা মিলিয়ে কখনই কি ডিপ্রেসড হয়েছেন? এই বিষয়ে সুস্মিতা সাফ জানান, "আমি কখনও নিজেকে প্রশ্রয় দিইনি যে, 'তুমি ডিপ্রেশনে চলে যাবে।' নিজেকে সবসময় বলে এসেছি, 'না সুস্মিতা। তুমি এটার জন্য নও।"
প্রসঙ্গত, সদ্যই সুস্মিতা রায় তাঁর ব্যবসা মেডোকার্টের সহকর্ণধার শুভাশিসের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন। দুই পরিবারের উপস্থিতিতে সমস্ত নিয়ম, আচার মেনে তাঁদের চার হাত এক হয়েছে। বর্তমানে বিয়ে সংক্রান্ত নানা ভ্লগ তিনি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন সমাজমাধ্যমে। বিয়ের পর তাঁর প্রাক্তন দেওর, তথা অভিনেতা সায়ক চক্রবর্তী তাঁকে খোঁচা দিয়ে পোস্ট করলে লাইভে এসে একাধিক কথা জানান। দাবি করেন তিনি তাঁর প্রাক্তন স্বামীর বিকৃত যৌনতার শিকার। সহ্য করেছেন নানা অকথ্য অত্যাচার। সায়ক চক্রবর্তীর জন্যই তাঁর দাম্পত্য জীবন অতীতে নষ্ট হয়েছে বলেও দাবি করেন। তাঁর গর্ভপাত করানোর চেষ্টা হয়েছিল। অভিনেত্রী এও জানান তিনি মা হতে চেয়েছেন বলেই বিয়ে করেছেন।















