সম্প্রতি সমাজমাধ্যমে রটে যায় 'পরিণীতা' ধারাবাহিকের 'পৌষালী'র নাকি ব্যক্তিগত জীবনে ঝড় উঠেছে। বিচ্ছেদের পথে হাঁটছেন অভিনেত্রী সৌমিলি ঘোষ বিশ্বাস। এই বিষয়ে তিনি সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দেন, পাশাপাশি তিনি আজকাল ডট ইনের কাছেও মুখ খুললেন। 

এভাবে বিচ্ছেদের জল্পনা রটে যাওয়া প্রসঙ্গে জানতে চাইলে সৌমিলি আজকাল ডট ইনকে বলেন, ''যে পোর্টালগুলো এগুলো করেছে, সেগুলো অত্যন্ত ফালতু। তাঁরা ধারাবাহিকের বিয়ে কভার করতে এসে কেবল নিজেদের প্রচারের জন্য এটা রটিয়ে দিল। ভুল হেডলাইন করাটা খুব বিরক্তিকর। আজকাল তো কেউ খবর পড়ে না, হেডলাইন পড়ে। সেক্ষেত্রে এরম হেডলাইন দেখে ভুল বোঝাটাই স্বাভাবিক।'' 

অভিনেত্রী এদিন এও জানান এই ধরনের ভুয়ো খবরে সমস্যা তাঁর বা তাঁর বাড়ির লোকের হচ্ছে না। সমস্যা অন্য জায়গায়। সেই বিষয়ে বিস্তারে তিনি বলেন, ''এই ধরনের খবরগুলো তো বিভিন্ন পোর্টালের মাধ্যমে মানুষের হাতে হাতে ঘুরে বেড়ায়, সেখানে তাঁদের পড়ে মনে হতেই পারে, চারপাশে যা ঘটছে, এত বিচ্ছেদ সেখানে এটাও হয়তো সত্যি। তাঁরা সেটা ভাবলে আমার কিছু যায় আসে না। কিন্তু তাও আমার তো একটা ইমেজ আছে। গত ২৭ বছরে সেটায় কখনও দাগ লাগেনি। এখন এসব ভুলভাল জিনিস রটানো হচ্ছে।''

অভিনেত্রীর অনুযোগ, ''আমার যখন 'আলো'তে প্রেম দেখানো হয়েছিল কই তখন তো এমন কিছু রটেনি। এখন আমার বিয়ে হয়ে গিয়েছে বলেই এসব? খুবই বিরক্ত আমি। চ্যানেলকেও জানিয়েছি।'' 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, বর্তমানে 'পরিণীতা' ধারাবাহিকে সৌমিলি অভিনীত 'পৌষালী' চরিত্রটির বিয়ে দেখানো হচ্ছে। তার মাঝেই অভিনেত্রীর বিচ্ছেদের খবর রটে যায়। এদিন তিনি তাঁর এবং তাঁর স্বামীর একগুচ্ছ খোশমেজাজের ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন। সঙ্গে লেখেন, 'গুজবে কান দেবেন না। মিডিয়া অনেক কিছু লেখিওজা মজা করে। আপনাদের আশীর্বাদে আর ভালবাসায় আমরা একসঙ্গে এতগুলো বছর কাটিয়েছি। কাটাচ্ছি। এবং কাটাব।' 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, সৌমিলি ঘোষ বিশ্বাস ছোটপর্দা থেকে বড়পর্দায় দাপিয়ে কাজ করেছেন। 'লোকনাথ বাবা' থেকে 'পরিণীতা', 'আলো', ইত্যাদির মতো সিনেমা, সিরিয়ালে কাজ করেছেন। ২০১২ সালে তিনি সাত পাকে বাঁধা পড়েন অয়ন ঘোষের সঙ্গে। অয়ন পেশায় ব্যাঙ্কার। তাঁদের বিবাহিত জীবনের প্রায় চৌদ্দ বছর অতিক্রান্ত ইতিমধ্যেই। মাঝে মধ্যেই স্বামীর সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি।