প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। শুটিংয়ে গিয়ে জলে তলিয়ে মৃত্যু হয়েছে তাঁর। মাত্র ৪২ বছর বয়সেই থামল তাঁর জীবনের চলচ্চিত্র। এই খবর এখনই মেনে নিতে পারছে না টলিউড। তার মধ্যে আজকাল ডট ইনকে কী বললেন তারকারা? 

অভিনেত্রী এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের মানুষ সুদীপ্তা চক্রবর্তী বলেন, "আমি নিতে পারছি না। কিছু বলার মতো অবস্থাতেই নেই। আমাকে কেউ বলুক এই খবরটা মিথ্যে। আমার কাছে কোনও খবর নেই। মনে হয় না ময়নাতদন্ত হওয়ার আগে ছাড়বে বলে।" বলেই তিনি কান্নায় ভেঙে পড়েন। 

একই সুর শোনা গেল অভিনেত্রী দিব্যানী মণ্ডলের গলায়। তিনি 'ঠাকুমার ঝুলি' সিরিজে প্রয়াত অভিনেতার সঙ্গে কাজ করেছিলেন। অভিনেত্রী বলেন, "কোনও প্রতিক্রিয়া দেওয়ার অবস্থায় নেই। এত খারাপ লাগছে যে কিছু বলার নেই। আমি খবরটা পেয়ে প্রথমে বুঝতে পারিনি। সবাই রাহুলদা বলছে, কিন্তু কোন রাহুল দা বা কী বুঝতে পারছিলাম না। খুব শকড। ভাষা হারিয়ে ফেলেছি। এত ভাল মানুষ খুব কম দেখেছি। প্রচুর ভাল স্মৃতি। ওঁর থেকে আমি অনেক শিখেছি।" 

'হরগৌরী পাইস হোটেল' ধারাবাহিকে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছিলেন শুভস্মিতা মুখোপাধ্যায়। তিনি এদিন স্মৃতি হাতড়ে বলেন, "বলার মতো জায়গায় নেই। সবেমাত্র খবরটা পেয়েছি। এখনও শকে আছি। আমি জানি না সঠিক কী হয়েছে।" 

এদিন রাহুলের সঙ্গে তালসারিতে ছিলেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। যদিও যখন দুর্ঘটনা ঘটে তিনি সেখানে ছিলেন না। অভিনেতা বলেন, "যখন হয়েছে তখন স্পটে ছিলাম না। বেরিয়ে গেছি। কলকাতা ফিরছি যখন তখন খবর পেলাম যে ও আর নেই। জলেতেই গোটা ব্যাপারটা হয়েছে। খবরটা বিশ্বাস হচ্ছে না। এক ঘণ্টা আগে একসঙ্গে কাজ করলাম, ট্রমা হয়ে গেল। মানা যাচ্ছে না।"

'হরগৌরী পাইস হোটেল' ধারাবাহিকের আরও এক অভিনেতা রাহুল মজুমদার এদিন শোকপ্রকাশ করে সমাজমাধ্যমে লেখেন, 'কিছু বলব না, কিছু লিখব না কারণ জানি তুমি এসব পছন্দ করো না। টিকিট কেটে হলে চিরদিনই তুমি যে আমার দেখা থেকে তোমার সথে স্ক্রিন শেয়ার করা, ঘণ্টার পর ঘণ্টা আড্ডা মারা, একসাথে ক্রিকেট খেলা, একসাথে শাহরুখের সিনেমা দেখতে যাওয়া, বলতে থাকলে শেষ হবে না। সারা জীবন আমার রাহুল দা হয়ে থেকে যেও। ভুল করলে দাদা। সারাজীবন মনে থাকবে।' অভিনেতা অরিত্র দত্ত বণিক লেখেন, 'রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তোমাকে ভালবাসি এবং আগামীতেও একইভাবে ভালবাসব। এর থেকে বেশি আর একটি শব্দও মাথা থেকে বেরোচ্ছে না।' 

প্রসঙ্গত, ২৯ মার্চ তালসারিতে শুটিং করতে গিয়ে বোটিংয়ে যান। সেই সময়ই পড়ে যান। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রসঙ্গত, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় দুই দশকের বেশি সময় ধরে টলিউডে কাজ করছেন। ছোটপর্দা থেকে বড়পর্দায়, ওয়েব দুনিয়ায় ছিল তাঁর অবাধ যাতায়াত। বর্তমানে তাঁকে দর্শকরা 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকে দেখতে পাচ্ছিলেন। তাঁর এবং শ্বেতা মিশ্রর রসায়ন দর্শকদের নজর কেড়েছিল। টিআরপিতেও তার ফল দেখা যাচ্ছিল। এছাড়া তিনি আগে 'হরগৌরী পাইস হোটেল' ধারাবাহিকে অভিনয় করেছেন।