চলতি বছরের গোড়ার দিকে ঘোষণা করা হয়েছিল 'অভিমান' ছবিটির। সৌরভ দাস এবং যিশু সেনগুপ্তর প্রযোজনা সংস্থা হোয়াই সো সিরিয়াসের প্রযোজনায় আসছে ছবিটি। ৮ এপ্রিল রাতে হঠাৎই জানা যায় পিছিয়ে গেল 'অভিমান' ছবির শুটিং, কেন? খোঁজ নিল আজকাল ডট ইন। 

'অভিমান' ছবির প্রযোজক সৌরভ দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই জল্পনায় স্বীকৃতি দেন। জানান সত্যিই পিছিয়ে দেওয়া হয়েছে অভিমান ছবির শুটিং। কিন্তু কেন? সৌরভ বললেন, "আমি, যিশু দা (যিশু সেনগুপ্ত) এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তিনজনেই আমরা সিদ্ধান্তটা নিয়েছি। বুম্বাদা প্রথমে বলেন যে এখন সেই মানসিক অবস্থা নেই। আমরাও সেটায় সহমত। সেই জন্য এখন শুট করছি না আমরা। বন্ধ রেখেছি।" 
ফের কবে থেকে 'অভিমান' ছবিটির শুটিং শুরু হবে জানতে চাইলে 'মন্টু পাইলট' বলেন, "সেটা এখনও ঠিক হয়নি। একবার সবটা ঠিক হোক। মনোযোগ দিতে পারব যখন আবার কাজে, তখনই। যেটা ঘটে গিয়েছে সেটার পর মূলস্রোতে ফেরাটা একটু চাপের। তারপর আমরা যে লড়াইটা করছি, যার মধ্যে দিয়ে যাচ্ছি.... আজকেও বুম্বাদা রাতের বেলা এই বৃষ্টির মধ্যে মিটিং করলেন। সেখানে আর যাই হোক মন দিয়ে কাজ হয় না। এখন মন দিয়ে আমরা সত্যিটা জানতে চাইছি। সেই জন্যই শুটিংটা পিছিয়েছি।" 

প্রসঙ্গত, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর একদিকে যেমন 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের প্রযোজনা সংস্থাকে ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, তেমনই কাজ করতে গিয়ে শিল্পী ও টেকনিশিয়ানদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। এরপরই গত ৭ এপ্রিল টেকনিশিয়ান স্টুডিওতে মিটিং হয়। সেখানেই নিরাপত্তা সংক্রান্ত মিটিং হয়। নির্ধারণ করা হয় কীভাবে কর্মরত শিল্পী ও টেকনিশিয়ানদের নিরাপত্তা সুনিশ্চিত করা যায়। একই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত, বা উক্ত প্রযোজনা সংস্থার তরফে যথাযথ উত্তর না আসা পর্যন্ত তাদের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর জেরে হঠাৎই বন্ধ হয়ে গিয়েছে তিনটি ধারাবাহিক। সেই ধারাবাহিকের অভিনেতা এবং টেকনিশিয়ানদের সঙ্গে এদিন বৈঠক করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 

'অভিমান' প্রসঙ্গে বলতে গেলে, এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়  এবং যিশু সেনগুপ্তকে। এই ছবির হাত ধরেই ফের ফিরছে ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পরিচালক অভিনেত্রী জুটি। 'গৃহপ্রবেশ' ছবির তুমুল সাফল্যের পর আরও একবার হাত মেলালেন তাঁরা। ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে কাঞ্চন মল্লিক, অনন্যা বন্দ্যোপাধ্যায়, প্রমুখকে। ছবির শুভ মহরতের দিনই প্রকাশ্যে এসেছে 'অভিমান' ছবির মোশন পোস্টার। সেখানে দেখা যাচ্ছে একটি ফাঁকা প্রেক্ষাগৃহে গিটার, গোলাপ এবং টুপি রাখা। সঙ্গে ক্যাপশনে লেখা, 'আমার, তোমার, আপনার অভিমান'। অনুমান করা হচ্ছে চলতি বছরেই মুক্তি পাবে এই ছবি।