টিআরপি তালিকায় সেরা ১০-এ জায়গা না করে নিলেও দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছে 'কনে দেখা আলো'। লাজু, অনুভব, বনলতা এবং সুদেবের গল্পে মন মজেছে দর্শকদের। এর মধ্যেই শুরু বিতর্ক, জলঘোলা! সম্প্রতি এমন একটি পোস্ট ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে 'কনে দেখা আলো' ধারাবাহিকের 'বনলতা' তথা নন্দিনী দত্তের বাবা নাকি সাইনা চট্টোপাধ্যায়কে 'নেপো কিড' প্রসঙ্গ তুলে আক্রমণ করেছেন। এই বিষয়টা আদৌ কি সত্যি? খোঁজ নিল আজকাল ডট ইন।
এদিন নন্দিনী দত্তের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হলে অভিনেত্রী আজকাল ডট ইনকে বলেন, "এটা তিন বছর আগেকার ছবি, তিন বছর আগেই ছবির উপরের লেখাটা দিয়েই বাবা পোস্ট করেছিল। ওটাই বাবা সম্প্রতি রিশেয়ার করেছিল। ঘটনাটা নিছকই কাকতালীয় যে আমি বর্তমানে এমন কারও সঙ্গে কাজ করছি, যার বাবা পরিচিত মুখ ছিলেন। ওকে আক্রমণ করে একদমই লেখা নয়। ও একটা বাচ্চা মেয়ে, ওকে কেন আক্রমণ করা হবে?"
অভিনেত্রী এদিন এও জানান তিনি বিষয়টা নিয়ে তৎক্ষণাৎ তাঁর বাবাকে সাবধান করেছিলেন। অভিনেত্রীর কথায়, "বাবা যখন সেটা শেয়ার করে, আমি বাবাকে বলেছিলাম যে এটা পুরনো ছবি তুমি এখন কেন আবার শেয়ার করলে? সময়টা তো ভুল। লোকে ভাবতে পারে তুমি সাইনাকে উদ্দেশ্য করে লিখেছ। বাবা তখন ডিলিট করে দেয়।"
সাইনা এবং নন্দিনী বাস্তব জীবনেও যে ভাল বন্ধু সেটা তাঁদের অনুরাগীরা জানেন। তাও এদিন এই বিষয়ে উল্লেখ করেন অভিনেত্রী। নন্দিনী বলেন, "আমার বাবা ওকে ভীষণ ভালবাসে। আমিও ওকে খুব ভালবাসি। আমার ছোট বোনের মতো। আর ও নেপো কিড কীভাবে হবে? ওর বাবা তো এখন জীবিত নন। আর যিনি নেই, তাঁকে নিয়ে লেখার মতো নোংরা মানসিকতা খুবই খারাপ।"
ফলে এটা যে নিছকই ভুল সময় পোস্ট হওয়ার কারণে ভুল বোঝাবুঝি ঘটেছে, যা পরবর্তীতে তিল থেকে তাল হয়েছে সেটা বলাই যায়। তবে এই বিষয়ে সাইনা চট্টোপাধ্যায়ের সঙ্গে আজকাল ডট ইনের তরফে যোগাযোগ করা হলে তাঁকে ফোনে পাওয়া যায়নি।
'কনে দেখা আলো' ধারাবাহিকে বর্তমানে দেখা যাচ্ছে বনলতার প্রেমিকের এন্ট্রি হয়েছে। অন্যদিকে লাজু অনুভবদের বাড়ি থেকেই পড়াশোনা করছে। এবং আরও কাছাকাছি আসছে তারা। এমন অবস্থায় এই ৪ জনের জীবন কোন খাতে বয় সেটাই দেখার।
